হেফাজতের সমাবেশকে কেন্দ্র করে নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৫ মে ২০২৬, ৬:১১:২১ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : ২০১৩ সালে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে নিহত ৫৮ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। যার মধ্যে ঢাকায় ৩২, নারায়ণগঞ্জে ২০, চট্টগ্রামে ৫ ও কুমিল্লায় একজন। আজ মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি জানান তিনি।
চিফ প্রসিকিউটর বলেন, ‘নিহতদের মধ্যে কয়েকজনের পোস্টমর্টেম রিপোর্ট হয়েছে। অনেকের পোস্টমর্টেম রিপোর্ট হয়নি। কিন্তু তাদের কবর পরিদর্শন এবং পরিবারের সদস্যদের সঙ্গে তদন্ত সংস্থার লোকজন কথা বলেছে। আসামিদের নাম তদন্তের স্বার্থে প্রকাশ করা সম্ভব হচ্ছে না। তবে আসামি ৩০ এর নিচে হবে না। আর এরই মধ্যে কয়েকজন গ্রেপ্তার আছেন। সাবেক সরকার প্রধান থেকে শুরু করে তৎকালীন পুলিশ প্রধান, পুলিশ কমিশনারসহ আওয়ামী লীগের অনেকেই ওই ঘটনায় জড়িত। তদন্ত প্রায় ৯০ ভাগ সমাপ্ত হয়ে গেছে। আশা করছি, আগামী ৭ জুনের মধ্যে প্রতিবেদন দিতে পারব।’
শাপলা চত্বরে হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিষয়ে জানতে চাইলে চিফ প্রসিকিউটর বলেন, তিনি জড়িত ছিলেন, উপস্থিত ছিলেন। তাঁর সম্পৃক্ততা আছে।



