সিকৃবি ক্যাম্পাসে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৬ মে ২০২৬, ৮:৫৮:১৬ অপরাহ্ন
সিকৃবি প্রতিনিধি : সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) ক্যাম্পাসের পুকুরে ডুবে মো. রায়হান (১৭) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের ভেতরের ডান পাশের একটি পুকুরে এ ঘটনা ঘটে।
নিহত রায়হান সিলেট নগরের ৩৬নং ওয়ার্ডের বালুচর নতুন বাজার এলাকার বাসিন্দা ও আব্দুর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার আনুমানিক বিকেল সাড়ে ৩টার দিকে রায়হান ৪/৫ জন বন্ধুর সঙ্গে পুকুরে গোসল করতে নামেন। সাঁতার কাটতে কাটতে একসময় পুকুরের মাঝামাঝি পৌঁছালে হঠাৎ তিনি চিৎকার করে সাহায্য চান। এ সময় তিনি নিচের দিকে তলিয়ে যেতে থাকেন। সঙ্গে থাকা বন্ধুরা দ্রুত তাকে উদ্ধার করার চেষ্টা করলেও ব্যর্থ হন এবং তিনি পানির নিচে ডুবে যান।
পরে আশপাশের লোকজনকে ডাকাডাকি করা হলে স্থানীয় বাসিন্দা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করেন এবং পুকুরে নেমে তাকে খুঁজতে থাকেন। পরবর্তীতে বিকেল সাড়ে ৫টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের সহযোগিতায় রায়হানকে পুকুর থেকে উদ্ধার করে। তবে ততক্ষণে তিনি মারা গেছেন বলে নিশ্চিত করা হয়। পরে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এ মর্মান্তিক ঘটনায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠী, শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে গভীর শোক বিরাজ করছে।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের শাহপরান (র.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস আহমেদ বলেন, সে ওইখানে সাঁতার কাটতে নেমে গিয়ে নিখোঁজ হয়। পরে ফায়ার সার্ভিস তার লাশ উদ্ধার করে। বিশ্ববিদ্যালয় প্রশাসন তার পরিবারের কাছে ইতিমধ্যে লাশ হস্তান্তর করেছে।




