সরকার যেভাবে রেলে সেবা দিতে চায়, তাতে সীমাবদ্ধতা রয়েছে- রেল প্রতিমন্ত্রী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৯ মে ২০২৬, ৭:০৩:২১ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, আমাদের বর্তমান সরকার এবং সরকারের প্রধানমন্ত্রী চাচ্ছেন রেলকে জনপ্রিয় করে তুলতে, যেহেতু রেলের জনপ্রিয়তা রয়েছে, চাহিদাও রয়েছে। কিন্তু আমাদের আসলে সীমাবদ্ধতা, আমরা সরকার জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পর, রেলে আমাদেরকে দায়িত্ব দেওয়ার পর আমরা দেখেছি যে, আমাদের আমরা যেভাবে চাই, আমাদের সরকার যেভাবে মানুষকে সেবা দিতে চায়, সেই সেবাটি দেওয়ার জন্য আমাদের যে ধরনের সাপোর্ট দরকার, আমাদের যে ধরনের লোকোমোটিভ দরকার, আমাদের যে ধরনের কোচ দরকার, আমাদের এখানে যে ধরনের সেবাগুলি নিশ্চিত করার যা দরকার সেগুলি সীমাবদ্ধতা রয়েছে। আমাদের একটি বড় অংশকে আমরা ডুয়েল গেজ অথবা ব্রডগেজে রূপান্তরিত করতে যেয়ে আমাদের মিটারগেজ জোনে, ইষ্ট জোনে এগুলিকে অনেক ক্ষেত্রে অবহেলিত হয়েছে। সেই সেবার মান বৃদ্ধি করতে হলে আমাদেরকে লোকোমোটিভ সাপোর্ট এবং কোচের সাপোর্টগুলি দরকার।
শনিবার দুপুরে সিলেট রেল স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, অনেক ক্ষেত্রে কোথাও যদি ইঞ্জিন বিকল হয়ে যায় অথবা যেহেতু সিঙ্গেল লাইন সেই জায়গায় একটা জায়গায় যদি কোনো লাইন বিকল ইঞ্জিন বিকল হয়ে যায় বা কোনো দুর্ঘটনা ঘটে, তাহলে সেই কারণে টোটাল সিডিউল বিপর্যয় কিন্তু ঘটে যায় এবং এটা দীর্ঘ সময়ের জন্য সিডিউল সেই জায়গাটাকে উত্তরণের জন্য আমরা কাজ করে চলছি। আমরা চাই আমাদের সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার করে অগ্রাধিকার ভিত্তিতে সীমাবদ্ধতার মধ্যে যাতে আমরা সর্বোচ্চ সেবাটুকু দিতে চাই। যে কারণেই কিন্তু আমরা সব জায়গায় যাওয়ার চেষ্টা করছি, ঘুরছি।
রেল প্রতিমন্ত্রী বলেন, আমাদের ডিপার্টমেন্টের যারা দায়িত্বে রয়েছেন, তাদেরকে আমরা বলছি যে আপনারা ঢাকায় বসে কেউ বা নিজস্ব অফিসে বসে কাজ করা যাবে না। সবাইকে তার জোনে যে যে জোনের দায়িত্বে রয়েছেন সেখানে তারা নিজেরা পরিদর্শনে যেতে হবে এবং সেবাটা নিশ্চিত করতে হবে। আমাদের সীমাবদ্ধতা রয়েছে কিন্তু সীমাবদ্ধতা নিয়ে বসে থাকলে হবে না। সেই সীমাবদ্ধতার মধ্যে আমরা যাতে সর্বোচ্চ সেবাটুকু দিতে পারি এবং আমাদের যেহেতু আমরা জনগণের ভোটে নির্বাচিত এবং সেই কারণে আমাদের জনগণের কাছে আমাদের জবাবদিহিতা রয়েছে। সেই জবাবদিহিতার জায়গা থেকে আমাদের চেষ্টায় কোনো কমতি থাকা যাবে না, দায়িত্বের কোনো অবহেলা আমরা মেনে নিব না।



