সিলেট বোর্ডে এসএসসিতে অনুপস্থিত ৭৯৮ পরীক্ষার্থী, বহিষ্কার- ১
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১০ মে ২০২৬, ৮:২০:৫৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : এসএসসি পরীক্ষায় রোববার পদার্থবিজ্ঞান, বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা এবং ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এই পরীক্ষায় সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে ৭৯৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন এবং অসদুপায় অবলম্বনের দায়ে ১ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর বিলকিস ইয়াছমীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
পরিসংখ্যান থেকে জানা যায়, রোববারের পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭১ হাজার ৪৮২ জন। এর মধ্যে অংশগ্রহণ করেছেন ৭০ হাজার ৬৮৪ জন। অনুপস্থিতির গড় হার ১.১১ শতাংশ। এরমধ্যে সিলেট জেলায় ১৪৯টি কেন্দ্রে ২৯,১৪৪ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলেন ৩০২ জন; হবিগঞ্জ জেলায় ৪৯টি কেন্দ্রে ১২,৫৭৩ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ১৫৯ জন এবং এখানে ১ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে; মৌলভীবাজারে ৩৭টি কেন্দ্রে ১৫,৩৩৯ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ১৪২ জন; সুনামগঞ্জে ৪৫টি কেন্দ্রে ১৪,৪২৬ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ১৯৫ জন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়ে, ৪টি জেলার কোনো কেন্দ্রেই কোনো প্রকার অপ্রীতিকর বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। সকল কেন্দ্রে অত্যন্ত শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে। আগামী পরীক্ষাগুলোর ক্ষেত্রেও বোর্ডের পক্ষ থেকে কঠোর নজরদারি অব্যাহত থাকবে বলে জানানো হয়।




