শাবিতে জাতীয় উচ্চবিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতার আঞ্চলিক পর্বের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৭ মে ২০২৬, ৮:৩৪:৫১ অপরাহ্ন
শাবিপ্রবি প্রতিনিধি : সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতীয় উচ্চবিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতা-২০২৬ এর সিলেট আঞ্চলিক পর্বের পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের তত্ত্বাবধানে এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
আজ রোববার (১৭ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম।
এ সময় আরও উপস্থিত ছিলেন কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. ফরহাদ রাব্বি, বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদিরসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা।
প্রতিযোগিতায় সিলেট বিভাগের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। তিনটি বিভাগ থেকে ১০ জন করে মোট ৩০ জন শিক্ষার্থীকে জাতীয় পর্বের জন্য নির্বাচিত করা হয়েছে।
আয়োজকেরা জানান, জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে তথ্যপ্রযুক্তি খাতে দক্ষ মানবসম্পদ তৈরি, উদ্ভাবনী চর্চা বৃদ্ধি এবং তরুণ প্রজন্মকে প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের তত্ত্বাবধানে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল দেশব্যাপী জাতীয় উচ্চবিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতা-২০২৬ আয়োজন করছে।




