কম্বোডিয়ার হাসপাতালে বালাগঞ্জের যুবকের মৃত্যু, এলাকায় শোকের ছায়া
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৭ মে ২০২৬, ১১:৩৮:৪১ অপরাহ্ন
বালাগঞ্জ (সিলেট) থেকে মো. জিল্লুর রহমান জিলু : দীর্ঘ প্রায় ৮বছর যাবত প্রবাসে থেকে জীবন সংগ্রাম চালিয়ে যাওয়া রেমিট্যান্স যোদ্ধা টিটু (৩৬) অবশেষে বিদেশেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। কম্বোডিয়ার একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার (১৭ মে) বাংলাদেশ সময় দুপুর ১২টার দিকে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রেমিট্যান্স যোদ্ধা যুবক আবু জাফর মোহাম্মদ আবদাল টিটু বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের জামালপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল মন্নান’র তৃতীয় ছেলে। দেশে আসা-যাওয়ার মাধ্যমে টিটু দীর্ঘ প্রায় ৮বছর যাবত প্রবাস জীবনযাপন করেছেন। প্রথম দিকে চিলিতে বসবাস করলেও শেষ কয়েক বছর যাবত কম্বোডিয়াতে রয়েছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, উচ্চ ডায়াবেটিকজনিত অসুস্থতায় গত ৭মে তিনি হাসপাতালে ভর্তি হন। এরপর তার গলায় টিউমারজনিত কারণে একটি অপারেশন করা হয়। অবস্থার অবনতি হলে সর্বশেষ আইসিইউতে ভর্তি করা হয় এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রোববার (১৭ মে) বাংলাদেশ সময় দুপুর ১২টার দিকে তিনি ইন্তেকাল করেন।
এদিকে আবু জাফর মোহাম্মদ আবদাল টিটুর মৃত্যুতে তার পরিবার, আত্মীয়-স্বজন, সহপাঠী, বন্ধুমহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। পারিবারিক সূত্রে জানা গেছে, টিটুর মরদেহ কম্বোডিয়াতেই দাফন করা হবে।



