এফআইভিডিবি’র উদ্বুদ্ধকরণ সভায় সিসিক প্রশাসক
দুর্যোগের মোকাবিলায় সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থার অংশগ্রহণ অত্যন্ত জরুরি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৮ মে ২০২৬, ৭:৫৫:১৫ অপরাহ্ন
ডাক ডেস্ক : সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি সংস্থার অংশগ্রহণ অত্যন্ত জরুরি। দুর্যোগ ব্যবস্থাপনা শুধু একটি দপ্তর বা প্রতিষ্ঠানের একক দায়িত্ব নয়। এটি একটি সমন্বিত ও অংশগ্রহণমূলক প্রক্রিয়া। তরুণদের সম্পৃক্ত করে সচেতনতা সৃষ্টি, স্থানীয় সমস্যাগুলো চিহ্নিতকরণ এবং সমাধানে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা গেলে নগর ব্যবস্থাপনা আরও কার্যকর হবে। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের ফলে নগর এলাকায় যে নতুন নতুন ঝুঁকি তৈরি হচ্ছে, তা মোকাবিলায় স্থানীয় পর্যায়ে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সময়ের দাবি বলেও মন্তব্য করেন তিনি।
আজ সোমবার সকালে নগর ভবন সভাকক্ষে এফআইভিডিবির ‘ইয়াং পিপল বিল্ডিং আরবান রেজিলিয়েন্স ইন বাংলাদেশ’ প্রকল্পের উদ্যোগে এবং ইউনাইটেড নেশনস ডেমোক্রেসি ফান্ড (ইউএনডিএফ)-এর অর্থায়নে সিলেট সিটি কর্পোরেশনের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে অনুষ্ঠিত এক উদ্বুদ্ধকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (এফআইভিডিবি) সিলেট নগরীর প্রান্তিক ও বস্তিবাসী জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধিতে যে ভূমিকা রাখছে, তা সত্যিই আশাব্যঞ্জক। সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এই জনকল্যাণমূলক প্রকল্পের সকল কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে। একই সাথে তিনি প্রকল্পের কাজের পরিধি ও ইতিবাচক প্রভাব বিবেচনা করে নগরীর অন্যান্য ওয়ার্ডেও এর কার্যক্রম সম্প্রসারিত করার জন্য এফআইভিডিবি কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।
সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এফআইভিডিবি’র ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক রুহেল কবীর। তাসমিয়া তাহসিনা চৌধুরীর সঞ্চালনায় সভায় প্রকল্পের বিস্তারিত বিবরণ তুলে ধরেন প্রকল্প সমন্বয়কারী আবুবকর শিকদার।
সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সচিব আশিক নূর, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে: কর্ণেল অব. মোহাম্মদ একলিম আবদীন, জেলা ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা আব্দুল কুদ্দুছ বুলবুল, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জয়দেব বিশ্বাস এবং বস্তি উন্নয়ন কর্মকর্তা আবুল ফজল খোকন।
এছাড়া, এফআইভিডিবি’র কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন আজিম উদ্দিন, সদানন্দ ভট্রাচার্য, তাসমিয়া তারিফা চৌধুরী, নজরুল ইসলাম মন্জুর, দেলোয়ার হোসেন, হাসান আহমেদ চৌধুরী, আশরাফ আহমেদ প্রমুখ।




