শ্রীমঙ্গলে কলার দোকানের সিন্ধুকের নিচে মিলল বিরল বৃক্ষবাসী সাপ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ মে ২০২৬, ৮:৪৭:০৩ অপরাহ্ন
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) থেকে নিজস্ব সংবাদদাতা : চায়ের রাজধানী শ্রীমঙ্গলে আবারও উদ্ধার করা হয়েছে একটি সবুজ ফণিমনসা সাপ। শহরের নতুনবাজার এলাকার একটি কলার দোকান থেকে উদ্ধার হওয়া সাপটি ঘিরে স্থানীয়দের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
আজ রোববার (২৪ মে) দুপুরে শ্রীমঙ্গল উপজেলা শহরের নতুনবাজার এলাকার ব্যবসায়ী অনন্ত দেবনাথের দোকানে কলার ছড়ির সঙ্গে একটি সবুজ সাপ দেখতে পান কর্মচারীরা। মুহূর্তেই দোকানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি জানানো হয় বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ। শুরুতে দোকানের বিভিন্ন স্থানে খোঁজ চালিয়েও সাপটির সন্ধান পাওয়া যায়নি। পরে প্রায় ২০ মিনিটের চেষ্টায় দোকানের একটি সিন্ধুকের নিচ থেকে সাপটিকে উদ্ধার করা হয়।
উদ্ধারকারীরা জানান, সাপটি ছিল সবুজ ফণিমনসা বা Boiga cyanea প্রজাতির। এটি মৃদু বিষধর হলেও সাধারণত আক্রমণাত্মক নয়। উজ্জ্বল সবুজ রঙের এ সাপ মূলত গাছে বসবাস করে এবং প্রাকৃতিক পরিবেশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
পরবর্তীতে উদ্ধারকৃত সাপটি নিরাপদে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে, যাতে সেটিকে উপযুক্ত পরিবেশে অবমুক্ত করা যায়।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, শ্রীমঙ্গলসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে প্রায় প্রতিদিনই বন্যপ্রাণী উদ্ধারের খবর পাওয়া যাচ্ছে। গত দেড় দশকে প্রতিষ্ঠানটি দুই হাজারেরও বেশি বন্যপ্রাণী উদ্ধার করে বন বিভাগের মাধ্যমে অবমুক্ত করেছে।
পরিবেশকর্মীরা বলছেন, বনাঞ্চল সংকুচিত হওয়া ও মানুষের বসতি সম্প্রসারণের কারণে বিভিন্ন বন্যপ্রাণী লোকালয়ে চলে আসছে। এ অবস্থায় সচেতনতা বৃদ্ধি এবং প্রাণী না মেরে দ্রুত উদ্ধারকারী সংস্থাকে খবর দেওয়ার আহবান জানিয়েছেন তারা।




