নবীগঞ্জে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০২ জুন ২০২৬, ৮:২২:১৬ অপরাহ্ন
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আশরাফুল ইসলাম (১৫) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২ জুন) সকালে উপজেলার দেবপাড়া ইউনিয়নের কালনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আশরাফুল ইসলাম ইনাতগঞ্জ ইউনিয়নের প্রজাতপুর গ্রামের শাহিদুল ইসলামের ছেলে। সে দীর্ঘদিন ধরে কালনী গ্রামে তার নানার বাড়িতে বসবাস করত।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আশরাফুল একটি আম গাছে উঠে আম পাড়ার সময় গাছের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে সে গুরুতর আহত হলে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
কিশোরের আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।




