ফলোআপ
অবশেষে সংবাদ সম্মেলন করে ‘আপা’ ডাকার অনুমতি দিলেন ওসমানীনগরের ইউএনও!
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৪ জুন ২০২৬, ৯:১২:৫৪ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : ওসমানীনগরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে আপা ডাকার অভিযোগে মিষ্টির শো-রুম কর্মচারীকে ৫০হাজার টাকা জরিমানার সংবাদ বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর প্রকৃত বিষয়কে আড়াল করতে দাপ্তরিক কাজ বন্ধ রেখে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন নাহার আশা। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঘন্টাব্যাপি উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন করা হয়। তবে মূল বিষয় আড়াল করতেই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে বলে মনে করেন সচেতন মহল।
সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন নাহার আশা সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, যে কেউ আমাকে আপা বললে সেটা কোনো দন্ডনীয় অপরাধ না, আপা বা খালাম্মা ডাকতেই পারে। তিনি দাবি করেন, আপা ডাকার জন্য তিনি ৫০হাজার টাকা জরিমানা করেন নি, বাসি মিষ্টি রাখার অভিযোগে জরিমানা করেছেন।
প্রসঙ্গত, গত ২৯ মে তাজপুর বাজার বনফুলে মিষ্টি কিনতে যান ইউএনও মুনমুন নাহার আশা। এসময় তাকে আপা ডাকার অভিযোগে শো-রুম কর্মচারী আব্দুল মান্নানকে ৫০হাজার টাকা জরিমানা করেন তিনি। মোটা অংকের টাকা জরিমানা হওয়ায় মান্নানকে চাকুরী থেকে বরখাস্ত করে বনফুল কর্তৃপক্ষ। বিষয়টি স্থানীয় সংসদ সদস্য পর্যন্ত গেলে আব্দুল মান্নানের চাকুরী বহাল হয়, তবে তাকে কারখানায় বদলী করা হয়।



