বানিয়াচংয়ে বিশ্ব পরিবেশ দিবস পালন : শুটকি নদী রক্ষার তাগিদ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৫ জুন ২০২৬, ১১:২০:১৮ অপরাহ্ন
বানিয়াচং থেকে নিজস্ব সংবাদদাতা : বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে হবিগঞ্জের বানিয়াচংয়ে আলোচনা সভা, বৃক্ষরোপণ ও শুটকি নদী পরিদর্শন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পরিবেশবাদী ও সামাজিক সংগঠন ‘নোঙর’-এর উদ্যোগে আজ শুক্রবার সকাল ১০ঘটিকায় স্থানীয় কামালখানিস্থ হাসান মন্জিলে এ কর্মসূচির আয়োজন করা হয়। পরে শুটকি নদীর কাছারিঘাট এলাকায় বৃক্ষরোপণ ও নদী পরিদর্শন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোঙ্গর ট্রাষ্ট এর চেয়ারম্যান শামস , বানিয়াচং উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. বোরহান উদ্দিন। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মোশারফ হোসাইন, সমাজকর্মী সৈয়দ পলাশ মিজান, মওদুদ আহমেদ ও এম এ হাসান।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি, পরিবেশকর্মী এবং সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, পরিবেশ ও প্রকৃতি রক্ষায় এখনই কার্যকর উদ্যোগ গ্রহণ না করলে ভবিষ্যৎ প্রজন্মকে এর বিরূপ পরিণতি ভোগ করতে হবে। তারা শুটকি নদীর স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা, নদীকে দখল ও দূষণমুক্ত রাখা এবং জীববৈচিত্র্য সংরক্ষণে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, “শুটকি নদী কোনো জলমহাল নয়, এটি একটি জীবন্ত নদী। এর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে দিয়ে নদীর প্রাণ ও প্রকৃতিকে রক্ষা করতে হবে।” জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণ ও পরিবেশবান্ধব জীবনধারার ওপর গুরুত্বারোপ করা হয়।
আলোচনা সভা শেষে অংশগ্রহণকারীরা শুটকি নদীর কাছারিঘাট এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন এবং নদীর বিভিন্ন অংশ পরিদর্শন করে এর বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করেন। এ সময় নদী ও পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।



