দিরাইয়ে ক্ষতিগ্রস্ত কৃষক তালিকায় স্বজনপ্রীতির অভিযোগ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১১ জুন ২০২৬, ৫:২৮:১৬ অপরাহ্ন
দিরাই (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : সুনামগঞ্জের দিরাইয়ে সরকারি কৃষক তালিকায় স্বজনপ্রীতি ও দলীয়করণের অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার পৌর প্রশাসকের নির্দেশক্রমে পৌরসভা নোটিশ বোর্ডে টানানো হয় ক্ষতিগ্রস্ত কৃষক তালিকা।
জানা যায়, ক্ষতিগ্রস্ত কৃষকের বাছাইকৃত তালিকায় পৌর বিএনপির সাবেক প্রচার সম্পাদক ভরারগাঁও গ্রামের বাচ্চু মিয়ার তিন ভাই সুজাত মিয়া, আওরঙ্গজেব ও দারা মিয়ার নাম রয়েছে। পাশাপাশি ওই তালিকায় সুজাত মিয়ার দুই ছেলে ও আওরঙ্গজেবের স্ত্রীর নাম রয়েছে ।
কৃষকদের অভিযোগ তালিকায় বিভিন্ন ধনাঢ্য ব্যক্তি, একই পরিবারের একাধিক লোক, অকৃষক ও বিএনপি নেতাসহ তার পরিবারের ৭ জনের নাম উঠে এসেছে। যা দেখে শহরজুড়ে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে। উপজেলা কৃষি বিভাগের প্রতি ক্ষোভ জানিয়ে পুনঃতদন্তের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকেরা।
পৌর শহরের ইকবাল মিয়া, মোক্তাদির হোসেন, জামাল মিয়া, মোশাররফ হোসেনসহ বিভিন্ন গ্রামের কৃষক দৈনিক সিলেটের ডাককে বলেন, কৃষি অফিসের উপ-সহকারী কৃষি অফিসার সরেজমিনে না গিয়ে স্থানীয় রাজনৈতিক নেতাদের সাথে যোগসাজসে অফিসে বসে তালিকা প্রস্তুত করেছেন। এতে প্রকৃত কৃষকরা বঞ্চিত হয়েছেন। নেতারা মনগড়ামতো নিজেদের পরিবারের সদস্য ও আত্মীয়দের নাম তালিকাভুক্ত করিয়েছেন।
ভরারগাঁওয়ের মিনহাজ তালুকদার বলেন, কৃষক সহায়তা পাওয়ার জন্য আমার বাবা আবেদন করেও তুলতে পারেননি তালিকায় নাম। অথচ আমাদের গ্রামের বিএনপির নেতার এক পরিবারের ৭ জনের নাম উঠেছে ক্ষতিগ্রস্ত কৃষক তালিকায়।
অপর কৃষক আয়নাবাজ গ্রামের সেলিম মিয়া বলেন, আমাদের ৭ নম্বর ওয়ার্ডের ৭ জনের নাম ক্ষতিগ্রস্ত কৃষক তালিকায় উঠেছে এটা খুবই দুঃখজনক।
এ ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত উপজেলা উপ সহকারী কৃষি অফিসার আলী আজগরের বক্তব্য পাওয়া যায়নি।
দিরাই পৌর প্রশাসক মো. জিয়াউল হাসান সৌরভ বলেন, অভিযোগ পেয়ে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।




