জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখা নিয়ে বাগবিতণ্ডার জেরে ভাইয়ের হাতে ভাই খুন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০২ জুলাই ২০২৬, ৬:৪৪:১৭ অপরাহ্ন
জকিগঞ্জ থেকে নিজস্ব সংবাদদাতা : সিলেটের জকিগঞ্জে বিশ্বকাপ ফুটবল খেলা দেখাকে কেন্দ্র করে তর্কাতর্কির জেরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে ওপর ভাই নিহত হয়েছেন। বুধবার দিবাগত গভীর রাতে উপজেলার খলাছড়া ইউনিয়নের লামারগ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করেছে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করেছে।
নিহত আলম আহমদ (২৮) লামারগ্রামের ওয়ারিছ আলীর ছেলে। তিনি পেশায় একজন রিকশাচালক ছিলেন। গ্রেফতার হওয়া পারভেজ আহমদ (৩২) মোস্তকিন আলীর ছেলে এবং নিহতের আপন চাচাতো ভাই।
জানা যায়, বিশ্বকাপ ফুটবল খেলা দেখার সময় চিৎকার করাকে কেন্দ্র করে পারভেজ আহমদ ও আলম আহমদের মধ্যে বাগ্বিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে বিরোধের জেরে পারভেজ আহমদ ছুরি দিয়ে আলমকে আঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আলম আহমদকে উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে জকিগঞ্জ থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘাতক পারভেজ আহমদকে খলাছড়া ইউনিয়নের মাদারখাল গ্রামের নানাবাড়ি থেকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিও উদ্ধার করা হয়।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, বুধবার রাত আনুমানিক ১১ টা ৪৫ মিনিটের দিকে ফুটবল বিশ্বকাপ-২০২৬ এর ইংল্যান্ড বনাম ডিআর কঙ্গো এর মধ্যকার ম্যাচ চলাকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের বড় ভাই জসিম উদ্দিন বাদী হয়ে জকিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ নথিভুক্ত করে আসামি পারভেজকে জকিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করে। পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত উদ্ধার করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।



