বালাগঞ্জের মাদ্রাসাবাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ আগস্ট ২০২৬, ৮:৩৯:৫৫ অপরাহ্ন
বালাগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের মাদ্রাসা বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে সিরাজুল ইসলাম নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (১৪ আগস্ট) বিকাল ৪টার দিকে বালাগঞ্জ থানার ওসি (তদন্ত) ফয়েজ আহমেদের নেতৃত্বে পুলিশ লাশ উদ্ধার করেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্থানীয় মাদ্রাসা বাজারের ব্যবসায়ী মেসার্স প্রিয়া ট্রেডার্সের প্রোপাইটর সিরাজুল ইসলাম (৬০) আজ শুক্রবার (১৪ আগস্ট) আনুমানিক দুপুর ২টার দিকে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে সিলিংয়ের রডের সাথে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন।
নিহতের পরিবারবর্গ এবং থানা পুলিশের কর্মকর্তা জানিয়েছেন, আজ বাদ জুমা (বিকাল আনুমানিক সোয়া ২টার দিকে) স্থানীয় পথচারীরা সিরাজুল ইসলামের ঝুলন্ত লাশ দেখতে পান। ধারণা করা হচ্ছে জুমা নামাজের আগে পরে কোন এক সময় সিরাজুল ইসলাম আত্মহত্যা করেছেন।
সংবাদ পেয়ে বিকাল ৪টার দিকে বালাগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে। ১ ছেলে ও ১ মেয়ে সন্তানের জনক সিরাজুল ইসলাম স্থানীয় সিরাজপুর গ্রামের মৃত কলমদর আলীর ছেলে। তিনি বর্তমানে দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর বাজারে ভাড়া বাসায় স্ত্রী-সন্তানসহ বসবাস করেন।
বালাগঞ্জ থানার ওসি (তদন্ত) ফয়েজ আহমদ আলাপকালে এ বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশের সুরতহাল রিপোর্ট সংগ্রহ শেষে মৃতদেহ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তিনি (ওসি তদন্ত) জানান, সিরাজুল ইসলামের স্ত্রী রুনা বেগম ও ছোট ভাই ময়নুল ইসলামসহ পরিবারের সদস্যরা ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা প্রকাশ করেছেন। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।




