সাদাপাথর পর্যটনকেন্দ্রে ঘুরতে এসে পর্যটকের মৃত্যু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৫ আগস্ট ২০২৬, ৭:৩৬:২৫ অপরাহ্ন
সিলেটের কোম্পানীগঞ্জের সাদাপাথর পর্যটনে ঘুরতে এসে মাইনুল ইসলাম রিফাত(২১) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে সাদাপাথর পর্যটনকেন্দ্রে এই ঘটনা ঘটে। রিফাত বি-বাড়িয়ার হাতিম মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নাতিকুল ইসলাম।
নিহতের সাথে থাকা বন্ধু সাব্বির রহমান জানান, ৪ বন্ধু মিলে বি-বাড়িয়া থেকে সাদাপাথর ঘুরতে আসেন। সকাল ১১টায় সাদাপাথর পর্যটন কেন্দ্রে গিয়ে গোসল করতে নামেন সকলে। তখন স্রোতে সে তলিয়ে যায়। এর কিছুক্ষণ পর রিফাতের মরদেহ নদীর পাশে পাওয়া যায়। তারা সকলেই নবীনগর সরকারি কলেজের অনার্স ১ম বর্ষের ছাত্র।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উছমান গণি জানান, সাদাপাথর ঘুরতে এসে একজন পর্যটকের মৃত্যু হয়েছে। লাশ কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।




