সিলেট সীমান্তে আড়াই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৬ আগস্ট ২০২৬, ৮:৪৮:২৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দুই দিনব্যাপী পরিচালিত এ অভিযানে আনুমানিক ২ কোটি ৫০ লাখ টাকার মালামাল আটক করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, শনি ও রোববার সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর একটি বিশেষ অপারেশন দল এবং অধীনস্থ বিওপি যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। সিলেটের কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব চোরাচালানি পণ্য আটক করা হয়। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় জিরা, চা পাতা, ফুচকা, শাড়ি, কম্বল, মদ ও বিভিন্ন ধরনের প্রসাধন (কসমেটিক্স) সামগ্রী। যেগুলোর আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৫০ লাখ টাকা।
সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। তারই অংশ হিসেবে এই বড় ধরনের চালান আটক করা সম্ভব হয়েছে। সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আটককৃত চোরাচালানি মালামাল প্রচলিত সরকারি বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হবে।



