গোয়াইনঘাটে ভাইয়ের দায়ের কোপে আপন ভাই খুন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৫ আগস্ট ২০২৬, ৭:০৪:৫৪ অপরাহ্ন
গোয়াইনঘাট থেকে নিজস্ব সংবাদদাতা : সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ভাইয়ের দায়ের কোপে আপন ভাই কলিম উল্লাহ (৫০) নিহত হয়েছেন।নিহত কলিম উল্লাহ দিঘিরপার গ্রামের তুতি মিয়ার ছেলে। আর তাকে হত্যা করেন তার আপন ভাই সয়ফুল্লাহ (৬০)। আজ শনিবার বেলা ২টার দিকে উপজেলার ৫নং পূর্ব আলীরগাঁও ইউনিয়নের দিঘীরপার গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, গত সোমবার বিকেল ৫টায় কলিম উল্লাহর বড় মেয়েকে (১৮) নিজ ঘরে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে সয়ফুল্লাহের ছেলে জুবের আহমদ (২০)। পরে ওই মেয়ের আর্তচিৎকারে পাশের ঘর থেকে তার অন্য এক ভাইয়ের স্ত্রী ঘটনাস্থলে এসে জুবের আহমদের অনৈতিক কর্মকান্ড দেখে চিৎকার দিলে আশপাশের লোকজন জড়ো হয়ে জুবের আহমদকে স্থানীয়রা হাতেনাতে আটক করেন। পরে এ ঘটনার খবর এলাকায় চাউর হওয়াতে দুটি পরিবারের মধ্যে উত্তেজনা বিরাজ করে। তাৎক্ষণিক স্থানীয়দের উদ্যোগে আগামী বুধবার সন্ধ্যায় সালিশ বৈঠকের দিনতারিখ নির্ধারণ করে জুবের আহমদকে ছেড়ে দেওয়া হয়। বিচার সালিশের দিনক্ষণ সামনে রেখে ধর্ষণের ঘটনাকে ধামাচাপা দিতে তাৎক্ষণিক জুবেরের বাবা সয়ফুল্লাহ তার জন্য পার্শবর্তী জৈন্তাপুর উপজেলার দরবস্ত গ্রামে বিয়ে ঠিক করে গত শুক্রবার রাতেই আকদ সম্পন্ন করে ফেলেন।
এদিকে আপন ভাইয়ের ছেলে কর্তৃক অনৈতিক কর্মকান্ডের ঘটনায় স্থানীয় সালিশি বিচার রেখে শুক্রবার দিবাগত রাতে জুবের আহমদ বিয়ের পিড়িতে বসেন। স্থানীয় বিচার না পেয়ে শনিবার দুপুরে গোয়াইনঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন কলিম উল্লাহ। অভিযোগ দায়েরের পর থানাপুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশের ঘটনাস্থল পরিদর্শন শেষে জুবের আহমদ এবং তার পিতা সয়ফুল্লাহ দেশীয় অস্ত্র সশস্ত্র নিয়ে কলিম উল্লাহের ওপর আক্রমণ করেন। সয়ফুল্লাহের অতর্কিত হামলায় দার কোপে কলিম উল্লাহর গলার বাম পাশে গুরুতর আঘাত হয়। এতে ঘটনাস্থলেই কলিম উল্লাহ নিহত হন। ঘটনার খবর পেয়ে স্থানীয়রা কলিমউল্লাহকে উদ্ধার করে দ্রুত গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক কলিমউল্লাহকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করে লাশ থানায় নিয়ে যায়।
এবিষয়ে গোয়াইনঘাট থানার ওসি মো. ওমর ফারুক মোড়ল জানান, তাৎক্ষণিক থানা পুলিশ সয়ফুল্লার ছেলে আমির উদ্দিনকে (২৭) আটক করতে সক্ষম হয়েছে। এ ঘটনায় জড়িত অপরাপর আসামিদের আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।




