প্রথমবারের মতো ধান ফলেছে ব্রিটেনে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ৯:৫৬:৫৬ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : রেকর্ড উষ্ণ গ্রীষ্মের পর এবার ব্রিটেনে প্রথমবার ধান ফলেছে। ক্যাম্ব্রিজশায়ারের ইলি থেকে কয়েক মাইল উত্তরে নতুন বানানো ধানক্ষেত থেকে দেশের প্রথম এ ফসল তোলার প্রস্তুতি চলছে। বিষয়টি জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম টেলিগ্রাফ।
ব্রাজিল, কলম্বিয়া, ফিলিপিন্সসহ বিভিন্ন জায়গা থেকে ধানের ৯টি জাত নিয়ে শীতে সেগুলো রোপন করা হয়েছিল; ১৮৮৪ সালে রেকর্ড রাখা শুরু হওয়ার পর এ বছরই সবচেয়ে উষ্ণ গ্রীষ্মকাল দেখেছে ব্রিটেন, আর তার মধ্যেই ধান গাছগুলো বেড়ে ওঠে।
গবেষকদলের প্রধান সেন্টার ফর ইকোলজি অ্যান্ড হাইড্রোলজির (ইউকেসিইএইচ) নাদিন মিটসচুনাস জানান, তিনি যখন লোকজনকে বলতেন যে তিনি যুক্তরাজ্যে ধান ফলাচ্ছেন, তারা ভাবতো তিনি ঠাট্টা করছেন।
“কেউই আগে এটা চেষ্টা করে দেখেনি, কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে আমরা এমন ফসল পেতে যাচ্ছি, যা হবে বলে ১০ বছর আগে কেউ ভাবেওনি। আগামী ১০ বছরের মধ্যেই ধান আমাদের জন্য পুরোপুরি উপযুক্ত ফসল হয়ে উঠতে পারে,” বলেছেন তিনি।
সেন্টার ফর ইকোলজি অ্যান্ড হাইড্রোলজির অধ্যাপক রিচার্ড পাইওয়েল বলেছেন, ব্রিটেন এখন ধানের স্বাভাবিক আবহাওয়ার প্রান্তসীমায় রয়েছে। যে কারণে কৃষকদের জন্য এখনই ধানের বাণিজ্যিক চাষ শুরু ঝুঁকিপূর্ণ হতে পারে।
তবে গবেষণা বলছে, জলবায়ু যদি ক্রমাগত উষ্ণ হতে থাকে, তাহলে ইংল্যান্ডে বড় পরিসরেই ধান উৎপাদন সম্ভব।
পরীক্ষামূলক এ ধানক্ষেতগুলো ফেনস অঞ্চলের মাঝখানে অবস্থিত। এই ফেনস অঞ্চলে শত কোটি পাউন্ড মূল্যের সবজির চাষ হয়। এর জৈব পদার্থসমৃদ্ধ উর্বর মাটি অনেককাল পানির নিচেই ছিল, সপ্তদশ শতকে পানি নিষ্কাশন করে এটি চাষযোগ্য করা হয়।
ব্রিটেনের বিস্তৃর্ণ জলাভূমি হারিয়ে গেছে, এর মধ্যে ৯০ শতাংশের মতো গেছে গত শতকে।
তবে সংরক্ষণবিদরা যুক্তরাজ্যজুড়ে আরও ধানক্ষেত পাওয়ার সম্ভাবনায় উদ্বেলিত।
ইস্ট অ্যাংলিয়ান কৃষক ও সংরক্ষণবিদ গ্রাহাম ডেনি বলছেন, ব্রিটেনে এখন কৃষির যে অবস্থা, তাতে গম থেকে তার কোনো লাভই থাকছে না। তবে এরপরও ধানের মতো ‘বিদেশি ফসলের’ সম্ভাবনা নিয়ে তিনি সন্দিহান।
“কৃষকরা এখন প্রায় সবকিছুই চেষ্টা করার কথা ভাবছেন। কিন্তু যখন ধানক্ষেতগুলোতে ১০ হাজার হাঁসজাতীয় পাখি নামবে তখন আপনি কী করবেন?”
“এ সমস্ত জিনিস ছবি তোলার জন্য দারুণ, কিন্তু বাস্তবে কী হতে পারে, তা নিয়ে কি ভালোভাবে চিন্তা করা হয়েছে?” বলেছেন তিনি।
ব্রিটেনে প্রথমবার ফলা ধান যদিও এখন গোলায় তোলার জন্য প্রস্তুত, কিন্তু চাল সুপারমার্কেটের তাকে দেখতে আরও অন্তত কয়েক বছর লাগবে।




