সুষ্ঠু ও অংশগ্রহণমূলক শাকসু নির্বাচন আয়োজনে ছাত্রদলের ৪ দাবি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৬ নভেম্বর ২০২৫, ৫:২২:৫৬ অপরাহ্ন
শাবিপ্রবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলকভাবে আয়োজনের দাবিতে চার দফা দাবিতে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, শাবিপ্রবি শাখা। আজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বরাবর সংগঠনের সভাপতি রাহাত জামান ও সাধারণ সম্পাদক নাঈম সরকারের নেতৃত্বে এ স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে ছাত্রদল অভিযোগ করে, শাকসু নির্বাচন ঘোষণা হওয়ার পর ‘কথিত সাধারণ শিক্ষার্থী’র ব্যানারে একটি পক্ষ নিয়মবহির্ভূত ও অগণতান্ত্রিক উপায়ে ক্যাম্পাসে সহিংসতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। এসব কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ পরিবেশকে নষ্ট করেছে বলে দাবি করে সংগঠনটি। একই সঙ্গে তারা অভিযোগ করে, একটি মহল ক্যাম্পাসের অস্থিতিশীলতার দায় অন্যায়ভাবে ছাত্রদলের ওপর চাপানোর অপচেষ্টা চালাচ্ছে। এসব ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর ব্যবস্থা দাবি করেছে সংগঠনটি।
ছাত্রদলের চার দফা দাবি হলো:- প্রথমত, শাকসু নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা সৃষ্টিকারীদের শনাক্ত করে প্রশাসনের পক্ষ থেকে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা। দ্বিতীয়ত, সহিংসতায় জড়িতদের শাস্তির আওতায় আনার আগ পর্যন্ত নির্বাচনের তারিখ বিবেচনায় না আনা এবং শিক্ষকদের সঙ্গে অসদাচরণ বা মব তৈরি করা কারও নির্বাচনে অংশগ্রহণ নিষিদ্ধ করা।
তৃতীয়ত, দীর্ঘদিন ছাত্ররাজনীতি স্থগিত থাকার পর সকল রাজনৈতিক সংগঠনের সহাবস্থান ও যৌক্তিক সময় নিশ্চিত করে নির্বাচনের আয়োজন করা। চতুর্থত, শাকসু নির্বাচন ঘোষণার ক্ষেত্রে আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের বিষয়টি বিবেচনায় রাখা, যাতে কোন রাজনৈতিক দল এই নির্বাচনকে জাতীয় নির্বাচনের পরিবেশ প্রভাবিত করার হাতিয়ার হিসেবে ব্যবহার করতে না পারে।
স্মারকলিপিতে সংগঠনটি আরও উল্লেখ করে, শাবিপ্রবি বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামোরই একটি অংশ, তাই ক্যাম্পাস যেন কোন গণতন্ত্রবিরোধী শক্তির ক্রীড়াঙ্গন না হয়, সে বিষয়ে প্রশাসনকে সতর্ক থাকতে হবে।




