বাংলাদেশের বাজেটের সবচেয়ে বেশি ব্যয় ঋণের সুদ পরিশোধে: বিডা চেয়ারম্যান
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১০ ডিসেম্বর ২০২৫, ১১:১০:২৫ অপরাহ্ন
শাবিপ্রবি প্রতিনিধি : বাংলাদেশের বাজেটে সবচেয়ে বেশি খরচ হচ্ছে বিদেশি ঋণ পরিশোধে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটির (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরী। বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় মিলনায়তনে “বিনিয়োগ আকর্ষণে জ্ঞানভিত্তিক ইকোসিস্টেম: পাবলিক বিশ্ববিদ্যালয়ের সম্ভাবনা ও ভূমিকা” শীর্ষক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
তিনি জানান, সাধারণ ধারণা হলো সরকারের অপারেটিং বাজেটে সবচেয়ে বেশি খরচ হয় বেতন, প্রশাসন বা প্রতিরক্ষা খাতে। কিন্তু বাস্তবে সবচেয়ে বড় ব্যয়ের খাত হচ্ছে ঋণের সুদ পরিশোধ। বহু বছর ধরে দেশি-বিদেশি সংস্থার কাছ থেকে নেওয়া বিভিন্ন ঋণের কারণে সরকারের অপারেটিং ব্যয়ের বড় অংশ এখন সুদ পরিশোধেই চলে যাচ্ছে।
বিডা চেয়ারম্যান বলেন, সরকারের ট্যাক্স আয়ের প্রায় অর্ধেকই সুদ পরিশোধে ব্যবহৃত হচ্ছে। এতে আর্থিক ব্যবস্থাপনায় বাড়তি চাপ তৈরি হচ্ছে। অন্যদিকে ব্যবসায়ীরা প্রায়ই ট্যাক্স বেশি হওয়া নিয়ে অভিযোগ করেন। তবে ট্যাক্স মূলত মুনাফার ওপর নির্ভর করে, তাই সব সময় ট্যাক্স কমানোর দাবি যৌক্তিক নয়।
তিনি আরও বলেন, গবেষণা ও উদ্ভাবনে (R&D) কর ছাড় বা ট্যাক্স ডিডাকশন সুবিধা চালু করা হলে বেসরকারি খাত গবেষণায় আগ্রহী হবে। প্রতিষ্ঠানগুলো গবেষণায় অর্থ দিলে সেটি কর থেকে বাদ দেওয়া গেলে সেই অর্থই বিশ্ববিদ্যালয় ও গবেষণা খাতকে এগিয়ে নেবে। এতে একদিকে একাডেমিয়া উপকৃত হবে, অন্যদিকে দেশের সামগ্রিক অর্থনীতিও লাভবান হবে।
অনলাইনে যুক্ত হয়ে সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, আমি বিশ্বাস করি শিক্ষার্থীরা এই সেশন থেকে উপকৃত হয়েছে। প্রধান অতিথিকে সময় দিয়ে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানাই। বিশ্ববিদ্যালয়ের অগ্রগতিতে উনার সহযোগিতা ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করি। এ সেমিনার আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক ড মো সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড মো ইসমাইল হোসেন।
এছাড়া কো-অর্ডিনেটর হিসেবে বক্তব্য রাখেন স্কুল অফ ম্যানেজমেন্ট এন্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এর ডিন অধ্যাপক ড. মোহাম্মদ শাহিদুল হক, স্বাগত বক্তব্য রাখেন রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির।
সঞ্চালকের ভূমিকায় ছিলেন অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুন্সি নাসের ইবনে আফজাল।
সেমিনারে বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, বিভিন্ন সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।




