লিডিং ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন সম্পন্ন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২২ ডিসেম্বর ২০২৫, ৩:৪৫:১৫ অপরাহ্ন
ডাক ডেস্ক : সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটিতে মডেল ইউনাইটেড ন্যাশনস অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত তিনদিনব্যাপী লিডিং ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন ২০২৫ সম্পন্ন হয়েছে।
এলইউআইমুনার উপদেষ্টা আশফাক আহমদ শোভনের সার্বিক তত্ত্বাবধানে এবারের সম্মেলনে সিলেটের বিভিন্ন স্কুল, কলেজে ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে কূটনীতি, নেতৃত্ব, দলগত কাজ, যুক্তি তর্কের দক্ষতা ও বাস্তবমুখী নানা দক্ষতা অর্জনের সুযোগ সৃষ্টি হয়েছে।
শনিবার বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে লিডিং ইউনিভার্সিটিতে মডেল ইউনাইটেড অ্যাসোসিয়েশন (এলইউমুনা) এর আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান প্রখ্যাত সমাজসেবক ও শিক্ষানুরাগী দানবীর ড. রাগীব আলী বলেন, এ সম্মেলন জাতিসংঘ সম্মেলনের একটি অনুরূপ অনুশীলন যার মাধ্যমে শিক্ষার্থীরা আন্তর্জাতিক সম্পর্ক এবং কূটনীতি বিষয় শিক্ষা লাভ করতে পারবে। অসংখ্য শিক্ষা ও সেবামূলক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, শিক্ষা বিস্তারের অগ্রদূত দানবীর ড. রাগীব আলী আরো বলেন, প্রতিনিধিত্বকারী কোন কমিটি বেস্ট এ্যাওয়ার্ড বা স্পেশাল এ্যাওয়ার্ড পেয়েছে তা গুরুত্বপূর্ণ নয়।
সম্মেলনে অংশগ্রহণের ফলে অর্জিত কমিউনিকেশন স্কীলস এবং সমাজের প্রতি দায়বদ্ধতার যে অনুশীলন হয়েছে তা তরুণ শিক্ষার্থীকে মানবিক গুণাবলীর অধিকারী করতে সাহায্য করবে। এর মাধ্যমে তৈরী হবে আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নের বিভিন্ন কলাকৌশল যা সুন্দর এবং অর্থনৈতিকভাবে একটি সম্মৃদ্ধশালী দেশ হিসেবে বাংলাদেশকে বিশ্বের কাছে তুলে ধরবে। তিনি তরুণ শিক্ষার্থীদের লিডারশিপ কোয়ালিটির বাস্তব চিত্র তুলে ধরে আন্তর্জাতিক সমৃদ্ধি কামনা করেন।
একটি মর্যাদাপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করার জন্য এলইউমুনা এবং অংশগ্রহণকারী প্রত্যেক ডেলিগেট্স এবং অতিথিবৃন্দকে ধন্যবাদ জানিয়ে সমাপনী অনুষ্ঠানে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, এলইউমুনা তরুণ শিক্ষার্থীদের জন্য এরকম প্ল্যাটফর্ম তৈরী করে দিচ্ছে যেখান থেকে কিছু সমাধান একটি শান্তিপূর্ণ এবং সবার অংশগ্রহণমূলক একটি সমাজব্যবস্থায় সহায়তা করবে। অনুষ্ঠানে ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান আব্দুল হাই, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন এবং সেন্টার ফর রিসার্চ, ইনোভেটিভ স্টাডিজ এন্ড প্লানিং এর উপদেষ্টা প্রফেসর ড. বশির আহমেদ ভুঁইয়া, আধুনিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ কামরুজ্জামান, কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন প্রফেসর ড. মো. রেজাউল করিম, লিডিং ইউনিভার্সিটির রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম, ট্রাস্টি বোর্ডের সচিব ইঞ্জিনিয়ারিং মো. লুৎফর রহমান, পরিচালক অর্থ ও হিসাব মোহাম্মদ কবির আহমেদ, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোহাম্মদ শাহানশাহ মোল্লা, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান কাজী মো. জাহিদ হাসান উপস্থিত ছিলেন। তিন দিনব্যাপী লিডিং ইউনিভার্সিটির আয়োজনে আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন ২০২৫ পৃষ্ঠপোষকতা করে আইটিএসই ইমিগ্রেশন কনসালটেন্ট ও হাই-ফাই কম্পিউটার।

