কাল দুপুর ২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার জানাজা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩০ ডিসেম্বর ২০২৫, ৪:১৮:০২ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। নামাজে জানাজা পড়াবেন জাতীয় মসজিদের খতিব। রাষ্ট্রীয় মর্যাদায় শহীদ জিয়ার কবরের পাশে তাকে দাফন করা হবে।
আজ মঙ্গলবার স্থায়ী কমিটির বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব তথ্য জানান। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু।
এ ছাড়া পুরো আয়োজনের সঞ্চালনায় থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। জানাজা শেষে ‘জিয়া উদ্যানে’ জিয়াউর রহমানের সমাধির পাশে তাকে শায়িত করা হবে।
এর আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা-দাফন সুষ্ঠুভাবে সম্পন্ন করাসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিতে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক করেন দলটির শীর্ষ নেতারা। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়।




