খালেদা জিয়ার মৃত্যুতে শোকে আচ্ছন্ন সিলেট, বন্ধ থাকবে দোকানপাট
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩১ ডিসেম্বর ২০২৫, ২:১৯:২৯ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকে আচ্ছন্ন সিলেট মহানগরী।রাজনৈতিক নেতাকর্মী, পেশাজীবি, শিক্ষাবিদ, ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষ মহিয়সী এই নারীর মৃত্যুতে শোক জানিয়েছেন।
এদিকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার অর্ধদিবস সিলেটের দোকানপাট বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ব্যবসায়ী সমিতি। সিলেট প্রেসক্লাবের ৩১ ডিসেম্বরের নির্বাচন একদিন পিছিয়ে দেওয়া হয়েছে।
দেশের গণতন্ত্র ও অধিকারের প্রশ্নে আপোসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে শোকাহত সিলেটের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ তাঁর স্মৃতিচারণ করে শোকবার্তা প্রচার করছেন।
সন্ধ্যা পর্যন্ত নগর ও জেলার বিভিন্ন উপজেলায় খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে দলের সিলেট কার্যালয়ে শোক পাতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করা হয়।
অন্যদিকে, বুধবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত সিলেটের সব মার্কেট আধাবেলা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা। সংগঠনটির মহাসচিব এবং সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন এই তথ্য জানিয়েছেন।
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় সাধারণ ছুটি ও শোক কর্মসূচির কারণে ৩১ ডিসেম্বর অনুষ্ঠিতব্য সিলেট প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন স্থগিত করা হয়েছে। মঙ্গলবার বিকেলে ক্লাবের নির্বাহী কমিটির এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজার মাদরাসা, নয়াসড়ক মাদরাসা, কাজির বাজার মাদরাসা, দারুস সালাম মাদরাসার উদ্যোগে এরই মধ্যে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বিকেলে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করে কর্তৃপক্ষ। সন্ধ্যায় সিলেট প্রেসক্লাবের উদ্যোগে দোয়া এবং নগরের কুমারপাড়াস্থ নিজ কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করেন চেয়ারপারসের উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মঙ্গলবার বাদ আসর দরগাহ-ই-হযরত শাহজালাল মসজিদ প্রাঙ্গনে সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল হয়েছে।
এর আগে শোকের অংশ হিসেবে কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণসহ সাত দিনব্যাপী শোক কর্মসূচি পালন করার ঘোষণা দেওয়া হয়। বিকেল তিনটায় মহানগর বিএনপির অস্থায়ী কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হয়। এই সময় মহানগর বিএনপির নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করেন।
কর্মসূচিতে উপস্থিত নেতাকর্মীরা প্রয়াত নেত্রীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন করেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।




