গোয়াইনঘাটে বালু উত্তোলনকালে পেলোডার চাপায় শ্রমিকের মৃত্যু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১২ জানুয়ারি ২০২৬, ৯:২০:০৭ অপরাহ্ন
গোয়াইনঘাট থেকে নিজস্ব সংবাদদাতা: সিলেটের গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের সময় পেলোডার চাপায় পারভেজ আহমদ (২৭) নামে এক শ্রমিক নিহত হন। নিহত পারভেজ আহমেদ ছৈলাখেল অষ্টম খণ্ড এলাকার জামাল মিয়ার ছেলে। রোববার ভোরে গোয়াইনঘাট উপজেলার জাফলং ইউনিয়নের জুমপাড় এলাকায় পিয়াইন নদীর তীরে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, গোয়াইনঘাট থানাধীন ৩ নম্বর পূর্ব জাফলং ইউনিয়নের ফারুক আহমদের মালিকানাধীন একটি পেলোডা দিয়ে নদীসংলগ্ন এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় যন্ত্রটির চাকায় চাপা পড়ে পারভেজ ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে নিহতরে মরদেহ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
গোয়াইনঘাট থানার ওসি মনিরুজ্জামান বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



