সমাজসেবা সিলেট আন্তঃপ্রাতিষ্ঠানিক বিভাগীয় ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
আত্মমর্যাদাশীল মানুষ হিসেবে নিবাসীদের মাথা উঁচু করে দাঁড়াতে হবে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৮ জানুয়ারি ২০২৬, ৩:১৩:৪০ অপরাহ্ন
ডাক ডেস্ক : সিলেটের বিভাগীয় কমিশনার খান মো: রেজা-ঊন-নবী বলেছেন, সমাজসেবা অধিদপ্তরাধীন প্রতিষ্ঠানগুলো অঙ্গীকার নিয়ে কাজ করছে। সমাজের পিছিয়ে পড়া, সুবিধাবঞ্চিত শিশুদের মানুষ হিসেবে গড়ে উঠার জন্য কর্মকর্তা-কর্মচারীরা অভিভাবক হিসেবে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছেন। আত্মমর্যাদাশীল মানুষ হিসেবে নিবাসীদের মাথা উঁচু করে দাঁড়াতে তিনি নিজেদের তৈরী করার আহ্বান জানান।
তিনি গতকাল ১৭ জানুয়ারি শনিবার সকাল সাড়ে ৯টায় সিলেট নগরীর বাগবাড়িস্থ শিশু পরিবার মাঠে বিভাগীয় সমাজসেবা কার্যালয় আয়োজিত সমাজসেবা অধিদপ্তরাধীন আন্ত: প্রাতিষ্ঠানিক সিলেট বিভাগীয় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
সমাজসেবা অধিদপ্তর ঢাকা এর পরিচালক (প্রতিষ্ঠান) সমীর মল্লিক এর সভাপতিত্বে এবং জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ রফিকুল হক ও প্রবেষণ অফিসার তমির হোসেন চৌধুরীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- সমাজসেবা অধিদপ্তর ঢাকা এর পরিচালক ( সামাজিক নিরাপত্তা) মো: মোশারফ হোসেন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন- বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন- বিভাগীয় সমাজসেবা কার্যালয় উপ পরিচালক নিবাস রঞ্জন দাস, সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক মো: আব্দুর রফিক, সাবেক উপ পরিচালক মো: আবুল কালাম, মৌলভী বাজার জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক মো: হাবিবুর রহমান, হবিগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের ঊপ পরিচালক মো: রাশেদুজ্জামান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক সুচিত্রা পাল, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক এস এম মোক্তার হোসেন, সুনামগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক এ কে আজাদ ভূইয়া, আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ সুলায়মান মজুমদার, সমাজসেবা অফিসার আব্দুল মুন্তাকিন, আবু সাঈদ ভূইয়া, জাহানারা বেগম, মুনতাকা চৌধুরী, আয়েশা আক্তার বৃষ্টি, সিলেট বধির সংঘের সভাপতি সিনিয়র সাংবাদিক হাজী এম আহমদ আলী, রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব আতাউর রহমান খান সামসু, ডি জি এফ এর নির্বাহী পরিচালক বায়েজিদ খান প্রমুখ। পরে অতিথিরা কুচকাওয়াজের সালাম গ্রহণ, শিশুদের মনোমুগ্ধকর ডিসপ্লে অবলোকন করেন।
বিকেলে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেটের জেলা প্রশাসক মো: সারওয়ার আলম। অনুষ্ঠানের সূচনালগ্নে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সরকারি শিশু পরিবার (বালক) বাগবাড়ি নিবাসী ৯ম শ্রেণির শিক্ষার্থী মো: আইনুল ইসলাম। পবিত্র গীতা পাঠ করেন সরকারি শিশু পরিবার (বালিকা) সুনামগঞ্জ এর নিবাসী সুবর্ণা রানী পাল।




