শাবির আন্তঃবিভাগীয় ক্রিকেট ফাইনালে সংঘর্ষ, শিক্ষকসহ আহত-১৫
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ৮:৪৬:২৫ অপরাহ্ন
শাবি প্রতিনিধি : সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আন্তঃবিভাগীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে লোক প্রশাসন ও বাংলা বিভাগের শিক্ষার্থীদের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেল ৫টা ২০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় মাঠজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দর্শক শিক্ষার্থীদের মধ্যে দৌড়ঝাঁপ শুরু হয়। এতে সহকারী প্রক্টরসহ একাধিক শিক্ষক এবং অন্তত ১৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন।
আহত শিক্ষকদের মধ্যে রয়েছেন সহকারী প্রক্টর অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম ও মো. ওমর ফারুক, লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফ সিদ্দিকী এবং প্রভাষক আব্দুল বাসিত।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. মোখলেছুর রহমান বলেন, ন্যায্যতার ভিত্তিতে বিচার করা হবে। কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। জানামতে দুটি হাসপাতালে দুইজন করে ভর্তি আছেন। শিক্ষার্থীরা এখন কোন পর্যায়ে যাচ্ছে, আমাদের ভাবতে হবে। এটা তো মাত্রা ছাড়িয়ে গেল।



