প্রচারের শেষ দিনে মুখর সুনামগঞ্জের ৫ আসন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ৯:১৪:০৫ অপরাহ্ন
শহীদনূর আহমেদ, সুনামগঞ্জ থেকে ॥ আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় শেষ হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণা। তাই প্রচার প্রচারণার শেষ দিন সোমবার সকাল থেকেই প্রচারণায় মুখর ছিল হাওরের জেলা সুনামগঞ্জের ৫টি সংসদীয় আসন। মাইকিং, লিফলেট বিতরণ, সম্প্রীতি সমাবেশ,জনসভা ও গণমিছিলে সরগরম হয়ে ওঠে জেলার বিভিন্ন নির্বাচনী এলাকা। মধ্যরাত পর্যন্ত চলে প্রার্থীদের গণসংযোগ। প্রচারণার শেষদিনে দলীয় ও স্বতন্ত্র প্রার্থীরা তাদের ভোটার সমর্থকদের সমর্থন আদায় করতে দেন নানা প্রতিশ্রুতি। বিজয়ী হলে নির্বাচনী এলাকার উন্নয়নে ভূমিকা রাখার পাশাপাশি দেশ গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন।
সুনামগঞ্জ-১ গতকাল সোমবার বিকেলে তাহিরপুর উপজেলার বাদাঘাটে নির্বাচনী জনসভা করেন সুনামগঞ্জ-১ এর বিএনপি মনোনীনত প্রার্থী কামরুজ্জামান কামরুল। জনসভায় নির্বাচনী এলাকার বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিতিতে মুখরিত হয়।
নির্বাচনে ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে বিজয়ী করতে আহ্বান জানান সংসদ সদস্য প্রার্থী কামরুজ্জামান কামরুল। অপরিদকে তাহিরপুর উপজেলা মাঠে নির্বাচনী জনসভা করেন জামায়াত মনোনীত প্রার্থী তোফায়েল আহমদ খান। সভায় তাহিরপুরে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদকসহ ৩০ জন নেতা নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেন। নির্বাচনী সভায় জেলা জামায়াতের আমীর ও সংসদ সদস্য প্রার্থী তোফায়েল আহমেদ বলেন, তৃণমূল পর্যায়ের দাঁড়িপাল্লার গণজোয়ার উঠেছে।
সুনামগঞ্জ-২ বিকেলে শাল্লা উপজেলার শাহিদ আলী উচ্চ বিদ্যালয়ের মাঠে নির্বাচনী জনসভা করেন বিএনপি মনোনীত প্রার্থী নাছির উদ্দিন চৌধুরী। জীবনের শেষ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন তিনি। এসময় হাজারো মানুষের স্লোগানে মুখরিত হয় সভাস্থল। বিকেলে একই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ শিশির মনির দিরাই উপজেলা স্টেডিয়ামে সম্প্রীতি সমাবেশ করেন। এতে হাজারো নেতাকর্মী অংশ নেন। সাম্য ও ইনসাফের বাংলাদেশে দাঁড়িপাল্লার সমর্থন আদায়ে বক্তব্য রাখেন শিশির মনির। ভোটার সমর্থকদের দেন নানা প্রতিশ্রুতি।
সুনামগঞ্জ-৩: নির্বাচনের প্রচার প্রচারণার শেষ দিনে সুনামগঞ্জের জগন্নাথপুরে নির্বাচনী জনসভা করেন আসনটির বিএনপি মনোনীত প্রার্থী কয়ছর এম আহমেদ। বিকালে ইকরছই মাঠে অনুষ্ঠিত জনসভায় হাজারো নেতাকর্মীর পদচারণায় মুখরিত হয়। এসময় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বক্তব্য রাখেন। এর আগে দুপুরে জগন্নাথপুর পৌর শহরে গণসংযোগ ও মিছিল করেন স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন। তালা প্রতীকে ভোট প্রার্থনা করে পৌরসভার বিভিন্ন সড়ক ও বিপণীবিতানে গণসংযোগ করে এক পথসভায় বক্তব্য রাখেন তিনি।
সুনামগঞ্জ- ৪ : এদিকে সুনামগঞ্জ-৪ আসনে ধানের শীষের সমর্থনে সুনামগঞ্জ শহরে গণমিছিল অনুষ্ঠিত হয়। দুপুরে গণমিছিলে যোগ দেন সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর আসনের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কয়েক হাজার মানুষ। ঢোল,করতালসহ বিভিন্ন বাদ্যযন্ত্রের তালে তালে নেচে গেয়ে ধানের শীষের স্লোগানে মুখরিত করেন এলাকা। শহরের পুরাতন বাস্ট্যান্ড থেকে মিছিটি শুরু হয়ে হোসেন বখত চত্ত্বরে এসে মিলিত হয়। এসময় ঐক্যবদ্ধভাবে আগামী ১২ ফেব্রুয়ারির ধানের শীষকে বিজয়ী করতে আহ্বান জানান বিএনপি মনোনীত প্রার্থী নুরুল ইসলাম। বিকেলে শহরে দাঁড়িপাল্লার সমর্থনে গণমিছিল বের একই আসনের জামায়াত মনোনীত প্রার্থী এডভোকেট সামছ উদ্দিনের সমর্থকরা। গণমিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দাঁড়িপাল্লার সমর্থনে বিভিন্ন স্লোগান দেন। পথ সভায় জামায়াতের প্রার্থী সামছ উদ্দিন জয়ের ব্যাপারে শতভাগ প্রত্যাশা ব্যক্ত করেন।
সুনামগঞ্জ-৫ : সুনামগঞ্জ ৫ আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী কলিম উদ্দিন আহমদ মিলন প্রচারণার শেষ দিনে গোবিন্দগঞ্জ, জাউয়াবাজার এলাকার গণমিছিল করেন। এছাড়াও নির্বাচনী এলাকায় গণসংযোগসহ একাধিক জনসভায় অংশ নেন তিনি। অন্যদিকে তাঁর প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মাওলানা আব্দুস সালাম মাদানী ছাতক ও দোয়ারাবাজার পৃথক পৃথক নির্বাচনী সভা করেন। দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে মিছিল করেন তাঁর সমর্থকেরা।



