দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা
সিলেট সিটি করপোরেশনের নয়া প্রশাসক কাইয়ুম চৌধুরী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ৫:০৯:০৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তবে দলীয় মনোনয়ন পাননি। অবশ্য এবার দল পুরস্কৃত করেছে তাকে। নতুন নিয়োগের মাধ্যমে সিলেট সিটি কর্পোরেশনের(সিসিক) প্রশাসক হিসেবে তাকে মূল্যায়ন করা হয়েছে।
২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুথান পরবর্তী সময়ে সিলেটের বিভাগীয় কমিশনার অতিরিক্ত দায়িত্ব হিসেবে প্রশাসকের দায়িত্ব পালন করছিলেন। এদিকে, সিসিকের প্রশাসক হিসেবে আবদুল কাইয়ুম চৌধুরী নিয়োগ পাওয়ার পর বিভিন্ন মহল থেকে শুভেচ্ছা জানানো হচ্ছে। অনেকেই দাবি করছেন সঠিক মানুষকেই মূল্যায়ন করছে দল। একই সাথে সিসিকের কার্যক্রমে গতি ফিরবে বলেও প্রত্যাশা সাধারণ নাগরিকের।
সিসিকের নিয়োগ পাওয়া নতুন প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরীর রয়েছে বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার। সিলেট জেলা বিএনপির বর্তমান সভাপতির দায়িত্ব পালন করছেন তিনি। তৃণমূল থেকে উঠে আসা আবদুল কাইয়ুম চৌধুরী একসময় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের রাজনৈতিক সচিব ছিলেন।
২০২২ সালের ২৯ মার্চ সিলেট জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হন। ২০২৩ সালের ২৯ অক্টোবর থেকে ২০২৪ সালের ১২ মার্চ পর্যন্ত সিলেটে বিএনপির আন্দোলন-সংগ্রামের সমন্বয়কারী ও সিলেট বিভাগের সাংগঠনিক দায়িত্বে ছিলেন। এছাড়া বিগত চারদলীয় জোট সরকারের আমলে আবদুল কাইয়ুম চৌধুরী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ছিলেন। তিনি বর্তমানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য। এছাড়া, দক্ষিণ সুরমার নুরজাহান মেমোরিয়াল ডিগ্রি কলেজ ও জালালপুর কলেজের গভর্নিং বডির সভাপতি তিনি। পাশাপাশি তিনি একাধিকবার ঢাকাস্থ জালালাবাদ এসোসিয়েশনের সহ-সভাপতির দায়িত্ব পালন করেন।
এ প্রতিবেদকের সাথে আলাপকালে কাইয়ুম চৌধুরী বলেন, দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান তার ওপর যে দায়িত্ব অর্পণ করেছেন, তিনি তা পালনের চেষ্টা করবেন। দায়িত্ব পালনে তিনি সবার সহযোগিতা কামনা করে বলেন, সবার সহযোগিতায় সিলেটকে একটি বাসযোগ্য নগরীতে পরিণত করতে চাই।
অন্যদিকে আবদুল কাইয়ুম চৌধুরী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তবে মনোনয়ন পাননি। এ আসনে দলের মনোনয়ন পান যুক্তরাজ্য বিএনপির সদ্য সাবেক সভাপতি এম এ মালিক। নির্বাচনে আবদুল কাইয়ুম চৌধুরী সিলেট জেলার সব কটি সংসদীয় আসনে বিএনপির প্রার্থীদের সমন্বয়কের দায়িত্ব পালন করেন।
অন্তর্বর্তী সরকারের আমলে নিয়োগ পাওয়া সিলেট সিটি করপোরেশনের প্রশাসক খান মো. রেজা-উন-নবীর স্থলাভিষিক্ত হলেন আবদুল কাইয়ুম চৌধুরী।
রোববার জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী সিলেটে আব্দুল কাইয়ুম চৌধুরী ছাড়াও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আব্দুস সালাম আর মো. শফিকুল ইসলাম খানকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের দায়িত্ব দেওয়া হয়েছে।এ ছাড়াও খুলনা সিটি করপোরেশনে নজরুল ইসলাম মঞ্জু, নারায়ণগঞ্জে মো. সাখাওয়াত হোসেন খান এবং গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক হয়েছেন মো. শওকত হোসেন সরকার।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর ধারা ২৫ক এর উপধারা (১) এর অনুবৃত্তিক্রমে তাদের করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পাশে বর্ণিত সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। আরও উল্লেখ করা হয়, নিয়োগকৃত প্রশাসকগণ সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তারা বিধি মোতাবেক ভাতা পাবেন।




