রাজনগরে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে তরুণ নিহত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ৫:০৬:৩০ অপরাহ্ন
রাজনগর (মৌলভীবাজার) থেকে নিজস্ব সংবাদদাতা : রাজনগরে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বাকবিতণ্ডার জেরে ছুরিকাঘাতে এক তরুণ নিহত হয়েছেন। গতকাল বুধবার বিকেলে রাজনগর উপজেলার ঘরগাঁও গ্রামের খেলার মাঠে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার বিকেল সাড়ে ৫ টার দিকে রাজনগর উপজেলার ঘরগাঁও গ্রামের খেলার মাঠে কয়েকজন তরুণ ক্রিকেট খেলছিলেন। খেলার একপর্যায়ে বোলিং নিয়ে দুই জনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। কথা কাটাকাটির একসময় আতিক মিয়া (২০) নামের তরুণ ধারালো ছুরি দিয়ে তার খেলার সাথী মাদরাসা ছাত্র তারেক (২২) কে এলোপাথাড়ি আঘাত করলে সে মারাত্মক আহত হয়।
স্থানীয়রা আহত তরুণকে উদ্ধার করে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে দ্রুত মৌলভীবাজার সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত তরুণ উপজেলার ঘরগাও গ্রামের গাজী মিয়ার ছেলে ও ঘরগাও টাইটেল মাদ্রাসার ছাত্র। অভিযুক্ত তরুণ একই গ্রামের মৃত শফিক মিয়ার ছেলে আতিক মিয়া। ঘাতক তরুণ ঘটনার পর থেকে পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরিদ উদ্দিন ভুঁইয়া জানান, খেলার বিষয় নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তদন্ত চলছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।




