শাবিপ্রবির সমাজবিজ্ঞান অ্যালামনাইয়ের ইফতার মাহফিল অনুষ্ঠিত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১:৫৯:২২ অপরাহ্ন
শাবিপ্রবি প্রতিনিধি : সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সমাজবিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘সমাজবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশন’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে বিভাগের সাড়ে তিন শতাধিক সাবেক ও বর্তমান শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে ইফতারের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যালামনাইয়ের উপদেষ্টা ও সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ড. কামাল আহমেদ চৌধুরী। এসময় তিনি শিক্ষার্থীদের সামনে তাঁর শিক্ষকতা জীবনের অভিজ্ঞতা তুলে ধরেন এবং বর্তমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক বলেন, নানা জটিলতা সত্ত্বেও বিভাগের অনেক প্রাক্তন শিক্ষার্থী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। দেশের বাইরে অবস্থানরত অনেক শিক্ষার্থী সরাসরি অংশ নিতে না পারলেও তারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। সবার সম্মিলিত সহযোগিতার মাধ্যমেই এ আয়োজন সফল হয়েছে। তিনি এ জন্য সকলকে ধন্যবাদ জানান এবং রমজানের শুভেচ্ছা জানান।
ইফতার মাহফিলে অ্যালামনাইয়ের সাধারণ সম্পাদক মো. আলমগীর মিয়ার সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ জসিম উদ্দিন এবং বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল গণি। এসময় বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দও উপস্থিত ছিলেন।




