শাবিতে গাঁজা ও ইয়াবাসহ ৪ নির্মাণ শ্রমিক আটক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৭ মার্চ ২০২৬, ১২:৫৩:২৬ অপরাহ্ন
শাবি প্রতিনিধি : সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) গাঁজা ও ইয়াবাসহ চার নির্মাণ শ্রমিককে আটক করা হয়েছে। শুক্রবার(৬ মার্চ) রাত ৮ টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে তাদেরকে আটক করেন প্রধান ফটকে দায়িত্বরত নিরাপত্তা কর্মীরা। এদিকে একই রাতে মদসহ এক বহিরাগত রিকশাচালককে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন- নেত্রকোনার মদন থানার শের খানের ছেলে মো. সুজাত (৩০), মৌলভীবাজারের রাজনগরের শায়েস্তা মিয়ার ছেলে আফজাল হোসেন (২৬), রংপুরের শফিকুল ইসলামের ছেলে বাবু ইসলাম (২০), পাবনার আতায়খোলা থানার আশরাফ খানের ছেলে ফাহিম খান (২০) ও সেলিম খানের ছেলে সাকিব খান (১৫)। তারা সবাই ক্যাম্পাসের বিভিন্ন নির্মাণাধীন ভবনের নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করেন। অপরদিকে, আকাশ সরকার নামে এক বহিরাগত রিকশাচালককে মাদকসহ আটক করা হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে দায়িত্বরত নিরাপত্তাকর্মী তাপস দাস বলেন, ‘গেট থেকে ক্যাম্পাসে প্রবেশ করার সময় তার হাঁটুতে প্যান্ট ভাঁজ করা ছিল।সেখান থেকেই আমাদের সন্দেহ হয়। সে অনুযায়ী তল্লাশী চালালে তার কাছে চার প্যাকেট গাঁজা পেলে প্রক্টর অফিসে জানাই। এর কিছুক্ষণ পরে আরো কয়েকজন ক্যাম্পাসে প্রবেশ করতে চাইলে তাদেরও তল্লাশী করে গাঁজা ও ইয়াবা উদ্ধার করি।’
এবিষয়ে সহকারী প্রক্টর ড. মো. রাশেদুজ্জামান বলেন, ‘নিরাপত্তা কর্মীরা তাদেরকে আটক করে আমাদের জানিয়েছে, আমরা ঘটনাস্থলে গিয়ে তাদের নিয়ে এসেছি। তাদেরকে পুলিশের কাছে সোপর্দ করা হবে। পুলিশ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে।’



