যুগোপযোগী জ্ঞানের পাশাপাশি নৈতিক শিক্ষা অপরিহার্য
উমাইরগাঁও মাদরাসায় সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৭ মার্চ ২০২৬, ৬:৪৯:৪৪ অপরাহ্ন
বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের সহকারী জেনারেল সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বলেছেন, যুগোপযোগী জ্ঞানের পাশাপাশি নৈতিক শিক্ষা অপরিহার্য। কোমলমতি শিক্ষার্থীদের গড়ে তুলতে তাই ধর্মীয় শিক্ষা দেয়া প্রয়োজন। মুসলমান সন্তানদের মাঝে কুরআন, হাদীস-সুন্নাহ’র সঠিক জ্ঞান ব্যাপকভাবে ছড়িয়ে দিতে হবে। তারা কুরআন তিলাওয়াত যেন সহীহ শুদ্ধভাবে করতে পারে, এজন্য প্রশিক্ষণ প্রয়োজন। রামাদ্বান মাসে সেই সৌন্দর্য ছড়িয়ে দিতে ১৯৮৯ সাল থেকে প্রচেষ্টা অব্যাহত রেখেছে ‘ইত্তেহাদুল কুররা বাংলাদেশ’।
তিনি আজ মঙ্গলবার ইত্তেহাদুল কুররা বাংলাদেশের উদ্যোগে বৃহত্তর উমাইরগাঁও হাফিজিয়া দাখিল মাদরাসা সিলেট সদরে মাসব্যাপী সহীহ কুরআন প্রশিক্ষণ কোর্সের সমাপনী, কেন্দ্র পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
এলাকার প্রবীণ মুরুব্বি, শাখা নাযিম আব্দুস সাদিকের সভাপতিত্বে ও প্রধান ক্বারী আব্দুল হালিমের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মো. আব্দুল মুকিত, সহ-সভাপতি মারুফ আহমদ ও সমাজসেবক দিলওয়ার হোসাইন। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সম্মানিত শিক্ষক ও অভিভাবকবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বলেন, কুরআন তিলাওয়াতের ব্যাপারে আমাদের আরও যত্নশীল হওয়া উচিৎ। সশব্দে সুললিত স্বরে তিলাওয়াতে অভ্যস্ত হতে হবে। ধীরে ধীরে, স্পষ্ট ও সুন্দরভাবে থেমে থেমে পড়া অনস্বীকার্য।



