এমসি কলেজে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৫ মার্চ ২০২৬, ৯:৫০:১৭ অপরাহ্ন
সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজে যথাযোগ্য মর্যাদায় জাতীয় গণহত্যা দিবস পালিত হয়েছে। বুধবার সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিবসটির কার্যক্রম শুরু হয়।
এদিন সকাল ১১ টায় কলেজের শিক্ষাবিদ সম্মেলন কক্ষে ২৫ মার্চ গণহত্যা ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এমসি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. আকমল হোসেন। তিনি তার বক্তব্যে ১৯৭১ সালের ২৫শে মার্চের কালরাত্রিতে নিহত সকল শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার আহ্বান জানান।
আলোচনা সভায় বক্তব্য রাখেন- কলেজের শিক্ষক পরিষদের সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মদ মহসিন আলী, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. আব্দুল হামিদ, সংস্কৃত বিভাগের প্রফেসর সুনীল ইন্দু অধিকারী, প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ হেলাল উদ্দিন, উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শাহনাজ বেগম, একই বিভাগের সহকারী অধ্যাপক আরিফুর রহমান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক প্রণব কান্তি তালুকদার।
অনুষ্ঠানে কলেজের অন্যান্য শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ বদরুজ্জামান ও গীতা পাঠ করেন একই বিভাগের সহকারী অধ্যাপক নিরুপম চৌধুরী।
পরে গণহত্যায় নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।


