শাবিতে ক্যান্সার সচেতনতা ও আধুনিক চিকিৎসা পদ্ধতি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৭ এপ্রিল ২০২৬, ৭:১৩:২৩ অপরাহ্ন
শাবিপ্রবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ক্যান্সার সচেতনতা, প্রাথমিক শনাক্তকরণ, প্রতিরোধ এবং আধুনিক চিকিৎসা পদ্ধতি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এ সেমিনারের আয়োজন করে এসইওকে হেলথকেয়ার ও আমরা নারী।
‘ক্যান্সার সচেতনতা জ্ঞান বিনিময়: প্রাথমিক শনাক্তকরণ, প্রতিরোধ এবং আধুনিক চিকিৎসা পদ্ধতি’ শীর্ষক এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ সাজেদুল করিম।
এছাড়া কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ ইসমাইল হোসেন এবং স্কুল অব লাইফ সায়েন্সেসের ডিন অধ্যাপক ড. মোঃ ফারুক মিয়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
সেমিনারে আরও বক্তব্য দেন এসইওকে হেলথকেয়ারের সহ-প্রতিষ্ঠাতা ফারহানা হাসনা তুলি, আমরা নারী ও আমরা নারী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট-এর প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী এমএম জাহিদুর রহমান। অনুষ্ঠানে চীনের মডার্ন ক্যানসার হসপিটাল গুয়াংজু (এমসিএইচজি)-এর আন্তর্জাতিক অনকোলজি ওয়ার্ডের উপ-পরিচালক ও সহযোগী প্রধান চিকিৎসক লিন জিং এবং বাংলাদেশের কান্ট্রি ইনচার্জ এমিলি সি ক্যান্সারের আধুনিক চিকিৎসা পদ্ধতি ও আন্তর্জাতিক অভিজ্ঞতা তুলে ধরেন।
বক্তারা ক্যান্সারের প্রাথমিক লক্ষণ শনাক্তকরণ, সময়মতো চিকিৎসা গ্রহণ এবং সচেতনতার গুরুত্বের ওপর জোর দেন। তারা বলেন, সচেতনতা বৃদ্ধি ও সঠিক তথ্যের মাধ্যমে ক্যান্সার প্রতিরোধ এবং চিকিৎসা অনেকাংশে সম্ভব।
এছাড়া সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।



