সিলেট মেডিকেল কলেজ গণহত্যা দিবস পালন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৯ এপ্রিল ২০২৬, ৯:৫১:১৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : মহান মুক্তিযুদ্ধকালীন সিলেট মেডিকেল কলেজ হাসপাতাল (বর্তমান শামসুদ্দিন আহমদ হাসপাতাল) গণহত্যা দিবস পালন করা হয়েছে। আজ বৃহস্পতিবার গণহত্যা দিবসে ‘নাগরিক মৈত্রী সিলেট’ শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। ১৯৭১ সালের এই দিনে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে পাকিস্তানিদের বর্বরোচিত নৃশংসতায় চিকিৎসক শামসুদ্দিন আহমদসহ ৭ জন শহীদ হন।
প্রতি বছরের ন্যায় এবারও ৯ এপ্রিল সকাল সাড়ে দশটায় সিলেট নগরের চৌহাট্টায় শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে শহীদদের স্মৃতির প্রতি পুষ্পার্ঘ্য নিবেদন করা হয়। পুষ্পস্তবক অর্পণের আগে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ।
নাগরিক মৈত্রী সিলেটের আহবায়ক সিলেট কর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সমর বিজয় সী শেখরের সভাপতিত্বে ও নাগরিক মৈত্রী সিলেটের সদস্য বাংলাদেশ যুব ইউনিয়ন সিলেট জেলা সংসদের সভাপতি অ্যাডভোকেট বিদ্যুৎ দাশ বাপনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন- সিলেট জেলা পরিষদের প্রশাসক ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অবসর প্রাপ্ত) এম এ সালাম বীর প্রতীক,সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডা. জিয়াউর রহমান, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম।
শ্রদ্ধা নিবেদন ও সমাবেশে অন্যান্যের মধ্যে বীর মুক্তিযোদ্ধা রফিকুল হক, বীর মুক্তিযোদ্ধা আবদুস শহীদ খান, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আবেদ হোসেন, সাংবাদিক আল-আজাদ, দৈনিক সিলেটের ডাকের অতিথি সম্পাদক নজরুল ইসলাম বাসন, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, সাংবাদিক অপূর্ব শর্মা, শহীদ পরিবারের সদস্য ফরিদা নাসরিন, অধ্যাপক ডা. তারেক আজাদ, সিলেট কর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আজিজুর রহমান, পরিবেশ ঐতিহ্য সংরক্ষণ ট্রাস্টের সভাপতি ডা. মোস্তফা শাহ জামান চৌধুরী, পরিবেশ কর্মী আব্দুল করিম কিম, রেজাউল কিবরিয়া লিমন, রোমেনা বেগম রুজি, অ্যাডভোকেট সুদীপ্ত অর্জুন, অ্যাডভোকেট গোলাম সোবাহান চৌধুরী দীপন, গণতান্ত্রিক আইনজীবী সমিতি সিলেটের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ মনির উদ্দিন, অ্যাডভোকেট অরুপ শ্যাম বাপ্পী, প্রভাষক ও নাগরিক মৈত্রী সিলেটের সদস্য রাজীব চৌধুরী, গণতান্ত্রিক আইনজীবী সমিতি সিলেটের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোস্তাকিম আহমেদ কাওছার, আয়কর আইনজীবী মোহাম্মদ ইব্রাহিম, আয়কর আইনজীবী মখলিছুর রহমান, ছাত্র ইউনিয়ন সিলেট জেলার সংগঠক অভ্রভেদি সন্দ্বীপ উপস্থিত ছিলেন।
এছাড়াও বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক, পেশাজীবী, রাজনৈতিক সংগঠন, সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, মহান মুক্তিযুদ্ধের সময় ১৯৭১ সালের ৯ এপ্রিল সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তার শামসুদ্দিন আহমদ ও ডাক্তার শ্যামল কান্তি লালাসহ অন্যরা যখন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষকে চিকিৎসা সেবা প্রদান করছিলেন তখন পাকিস্তানি বর্বর হানাদান বাহিনী চিকিৎসকসহ অন্যান্যদের বর্বরোচিত হত্যা করে। চিকিৎসা সেবায় কর্তব্যরত অবস্থায় চিকিৎসক, নার্স ও অন্যদের হত্যার ঘটনা একটি বিরল ঘটনা।
নাগরিক মৈত্রী সিলেট প্রায় দেড় যুগ ধরে শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন এবং শহীদদের রাষ্ট্রীয় আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদানের জন্যে দাবি জানিয়ে আসছে। আজকের দিনে শ্রদ্ধা নিবেদন ও সমাবেশে আলোচকগণ শহীদদের রাষ্ট্রীয় সম্মান ও স্বীকৃতি প্রদানের জন্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি প্রতি বছরের ন্যায় এবারও জোরালো দাবি জানান।
শ্রদ্ধা নিবেদনের আগে সংক্ষিপ্ত সমাবেশে আলোচনা ও সম্মিলিত ভাবে ১ মিনিট নিরবতা পালন করা হয়। শেষে শহীদদের স্মরণে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।




