সিলেটের সামগ্রিক উন্নয়নে শাবি ও সিকৃবি জ্ঞানের বাতিঘর হিসেবে কাজ করবে- বাণিজ্যমন্ত্রী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১১ এপ্রিল ২০২৬, ৫:০৪:৫৩ অপরাহ্ন
শাবি প্রতিনিধি : সিলেটের সামগ্রিক উন্নয়নে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) জ্ঞানের বাতিঘর হিসেবে কাজ করবে বলে মন্তব্য করেছেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি। শনিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে যৌথভাবে এসএমই ফাউন্ডেশন এবং সাস্ট ক্যারিয়ার ক্লাব’র উদ্যোগে আয়োজিত দিনব্যাপী শিক্ষার্থীদের জন্য যুব উদ্যোক্তা ও স্টার্টআপ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সিলেটের দুই প্রান্তে অবস্থিত এই দুটি বিদ্যাপীঠ শুধু শিক্ষা নয়, বরং জ্ঞানভিত্তিক উন্নয়নের কেন্দ্র হিসেবে ভূমিকা রাখবে। তিনি সিলেটের কৃতি সন্তানদের অবদান স্মরণ করে বলেন, বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠায় সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরী-এর অবদান অসামান্য। একইসঙ্গে সিলেটের উন্নয়নে প্রয়াত নেতা সাইফুর রহমান-এর ভূমিকাও অনস্বীকার্য।
বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন পরিকল্পনা প্রসঙ্গে তিনি জানান, নতুন বিভাগ চালু, পরিবহন সংকট নিরসনে বাস সংযোজন, নতুন ছাত্রাবাস নির্মাণ এবং একটি সুইমিং পুল স্থাপনের প্রস্তাবনা পাওয়া গেছে। এসব উন্নয়ন কার্যক্রম সমন্বিত প্রকল্পের আওতায় এনে বাস্তবায়নের আহ্বান জানান তিনি এবং সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান বলেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশে এসএমই ফাউন্ডেশন শিক্ষার্থীদের পাশে রয়েছে এবং সহজ শর্তে ঋণ সুবিধা প্রদান করছে।
বিশেষ অতিথির বক্তব্যে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, বেকারত্ব দূরীকরণে এসএমই ফাউন্ডেশনের ভূমিকা প্রশংসনীয়। তিনি শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে ক্যাম্পাসসংলগ্ন সড়ক উন্নয়নের আশ্বাস দেন।
শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, শিক্ষার্থীরা যেন চাকরির পাশাপাশি উদ্যোক্তা হিসেবেও গড়ে ওঠে- সে লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কাজ করছে। উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম শিক্ষার্থীদের পঞ্চম শিল্প বিপ্লব উপযোগী দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।
এছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী, বাংলাদেশ ব্যাংক-এর নির্বাহী পরিচালক খালেদ আহমেদ এবং প্রকল্প পরিচালক মর্তুজা জুলকার নাইন নোমান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির এবং এসএমই ফাউন্ডেশনের উপ-ব্যবস্থাপনা পরিচালক ফারজানা খান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাস্ট ক্যারিয়ার ক্লাবের এক্সিকিউটিভ মেম্বার তাসনিয়া ইকবাল।
এসময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।




