ছিনতাই-রাহাজানি প্রতিরোধে
এক সপ্তাহের মধ্যে কোনো অভিযোগ শুনতে চাই না- প্রবাসীকল্যাণ মন্ত্রী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১২ এপ্রিল ২০২৬, ৮:২৬:১৫ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেটে ছিনতাই-রাহাজানি প্রতিরোধে আইনশৃঙ্খলাবাহিনীকে সময় বেঁধে দিয়ে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, ছিনতাই-রাহাজানি রোধে এক সপ্তাহের মধ্যে ইতিবাচক ফলাফল দেখতে চাই। বাংলাদেশের প্রেক্ষাপটে সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতি যে এত খারাপ হয়ে গেছে- এমন কিছু না। প্রশাসন এবং নেতৃবৃন্দ সক্রিয় আছেন। গত মাসের চেয়ে এ মাসে পরিস্থিতি ভালো৷ তবু আমরা সময় বেঁধে দিয়েছি। এক সপ্তাহের মধ্যে কোনো অভিযোগ শুনতে চাই না।
আজ রোববার দুপুরে সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। সাম্প্রতিক মালয়েশিয়া সফরে বাংলাদেশের অর্জন বিষয়ে প্রবাসীকল্যাণ মন্ত্রী বলেন, এটা তো অলরেডি আমাদের মিডিয়াতে পরিষ্কার করে প্রকাশ করা হয়েছে এবং যেটা আমরা জয়েন্ট ভেঞ্চারে স্বাক্ষর করেছি ওটা রাষ্ট্রীয়ভাবে সব পেপারেই আছে। আপনারা ওইখানে আমরা যেটুকু আমাদের মনে হয় এটা ভালো ফলপ্রসূ এবং সফল হয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ব্রাদার হিসেবে একসেপ্ট করেছেন এবং আমাদের মালয়েশিয়ার সোর্স কতদিন দীর্ঘদিন এই প্রসেসিংটা বন্ধ ছিল, এটা আস্তে আস্তে সবগুলোই খুব তাড়াতাড়ি এটা ওপেন হবে।
শ্রমবাজার খোলার ব্যাপারে তিনি বলেন, শ্রম বাজারে শুধু মালয়েশিয়া কেন আমরা সব দিকে কাজ শুরু করেছি। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে তার নিজস্ব তত্ত্বাবধানে আমরা ইনশাআল্লাহ আশা করি ইতিবাচক ফলাফল দেখতে পাবেন।
সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা আইন শৃঙ্খলা কমিটির এপ্রিল মাসের সভায় সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক, সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম প্রমুখ।



