বিশ্বনাথে ভূমিসেবা মেলার উদ্বোধন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৯ মে ২০২৬, ১০:২০:৪৩ অপরাহ্ন
বিশ্বনাথ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের বিশ্বনাথে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা’র উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ১১টায় দিকে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলসুম রুবি।
ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় ও উপজেলা ভূমি অফিসের আয়োজনে ‘ভূমি সংক্রান্ত সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে’ তিন দিনব্যাপী ওই মেলার আয়োজন করা হয়েছে। মেলায় স্থাপন করা দুটি স্টলের মাধ্যমে উপজেলা ভূমি অফিসের পক্ষ থেকে সাধারণ মানুষকে ই-নামজারি, খতিয়ান যাচাই, ভূমি উন্নয়ন কর প্রদান, অনলাইন সেবা এবং ভূমি সংক্রান্ত নানা তথ্য ও পরামর্শ প্রদান করা হবে।
তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা’র উদ্বোধন উপলক্ষ্যে উপজেলা ভূমি অফিসের প্রধান ফটকের সম্মূখ থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। র্যালী শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ লুৎফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলসুম রুবি বলেন, ভূমি সেবাকে সাধারণ মানুষের জন্য সহজলভ্য এবং হয়রানিমুক্ত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আর এই মেলার মাধ্যমে মানুষ ঘরে বসে কিভাবে ডিজিটাল ভূমি সেবা গ্রহণ করতে হয়, সে সম্পর্কে সম্যক ধারণা পাবেন।
আয়োজিত এই মেলায় ভূমি অফিসের পক্ষ থেকে মোট দুইটি স্টল স্থাপন করা হয়েছে। স্টলগুলো থেকে সাধারণ মানুষকে ই-নামজারি, খতিয়ান যাচাই, ভূমি উন্নয়ন কর প্রদান, অনলাইন সেবা এবং ভূমি সংক্রান্ত নানা তথ্য ও পরামর্শ প্রদান করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে ও র্যালিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম, ভূমি অফিসের কানুনগো শেফালী আক্তার, সার্টিফিকেট সহকারী ইকরামুল করিম, সার্টিফিকেট পেশকার দৌলতুর রহমান, নাজির সোনিয়া শারমিন, পৌরসভার লাইসেন্স পরিদর্শক মোতালিব হোসেন, হোল্ডিং ট্যাক্স পরিদর্শক নাজির হোসেন প্রমুখ।
এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সংবাদকর্মী ও সাধারণ সেবাগ্রহীতারা উপস্থিত ছিলেন



