সিলেটে হামের উপসর্গ নিয়ে ইন্টার্ন নার্সের মৃত্যু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০১ জুন ২০২৬, ৮:২৯:১৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় জেরিন সুলতানা (২২) নামে এক নার্সের মৃত্যু হয়েছে। সোমবার (১ জুন) সকাল সাড়ে ৯টার দিকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
জেরিন সুলতানা সুনামগঞ্জ জেলা বিশ্বম্ভপুর উপজেলার দূর্গাপুর এলাকার বাসিন্দা এবং সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিডওয়াইফারি ইন্টার্ন হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আরিফুর রহমান নয়ন। তিনি জানান, সে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ইন্টার্ন নার্স হিসেবে কর্মরত ছিল। সপ্তাহখানেক ধরে সে জ্বরে ভুগছিল। প্রথমে রাগীব রাবেয়া মেডিকেলে ভর্তি ছিল। পরে গতকালকে শামসুদ্দিন হাসপাতালের আইসিইউতে ভর্তি করলে সোমবার সকালে সেখানে মারা যায়।
এদিকে গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮ টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে সিলেটে ১ শিশুর মৃত্যু হয়েছে। এনিয়ে সিলেটে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬১ জনে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ৫৭ জন ও হামে ৪ জন মারা গেছেন।
সোমবার সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত ‘হাম ও ইবোলার দৈনিক প্রতিবেদন’ থেকে এসব তথ্য জানা গেছে।
মৃত শিশু সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার মাসুম আহমদের ১ বছর বয়সী শিশু ইব্রাহিম। সে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
বর্তমানে সিলেট বিভাগের সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে সর্বমোট ২৫৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। আর গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সিলেটের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৭৮ জন রোগী।




