শ্রমিকনেতা আবুল হত্যা : আসামি গ্রেফতার না হলে ৭ জুন থেকে পণ্য পরিবহন বন্ধের হুঁশিয়ারি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০১ জুন ২০২৬, ৮:৩৩:১৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের কোম্পানীগঞ্জে আবুল হোসেন হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১ জুন) সিলেট জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের কোম্পানীগঞ্জ উপজেলা উপ-কমিটির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। একই সঙ্গে আগামী ৭ জুনের মধ্যে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার করা না হলে অনির্দিষ্টকালের জন্য কোম্পানীগঞ্জ উপজেলায় সকল ধরনের পণ্য পরিবহন বন্ধের ঘোষণা দিয়েছেন শ্রমিক নেতারা।
এসময় বক্তারা বলেন, গত ২১ মে কোম্পানীগঞ্জ উপজেলার খাগাইল এলাকায় সন্ত্রাসীদের হামলায় গৌরীনগর গ্রামের আবুল হোসেন গুরুতর আহত হন। পরে তিনি ছয় দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
প্রতিবাদ সভায় বক্তারা অভিযোগ করেন, ঘটনার পর দীর্ঘ সময় অতিবাহিত হলেও এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করা হয়নি। তারা অবিলম্বে জড়িতদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
বক্তারা আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আগামী ৭ জুনের মধ্যে আসামিদের গ্রেফতার করা না হলে কোম্পানীগঞ্জে অনির্দিষ্টকালের জন্য সকল ধরনের পণ্য পরিবহন বন্ধ রাখা হবে। পাশাপাশি উপজেলায় নিত্যপ্রয়োজনীয় মালামাল প্রবেশ ও বহির্গমনও বন্ধ করে দেওয়া হবে।
কোম্পানীগঞ্জ উপজেলা ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি কবির আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহফুজ রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন সিলেট জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকার।
সভার শুরুতেই নিহত আবুল হোসেনের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলার ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি কাউসার আহমদ, সাধারণ সম্পাদক মাসুম আহমদ লস্কর, কোষাধ্যক্ষ বাদল মিয়া, নিহত আবুল হোসেনের ভাই নুর মিয়া, আব্দুল মতিন, সদস্য আবদুল জলিল ডালিম মিয়া, ইমরান মিয়া, কামাল আহমদ, মাস্টার আনোয়ার হোসেন, সেলিম আহমদসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।



