দিরাইয়ে প্রতিপক্ষের হামলায় যুবক আহত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৭ জুন ২০২৬, ৬:৪৩:০২ অপরাহ্ন
দিরাই (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : সুনামগঞ্জের দিরাই উপজেলায় চুরির ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আবুল কালাম (৩৬) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। আজ রোববার সকালে উপজেলার কুলঞ্জ ইউনিয়নের জারলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে আবুল কালাম মাছ ধরতে হাওরে গেলে প্রতিপক্ষের হামলার শিকার হন। খবর পেয়ে তার স্বজনরা তাকে উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক ডা. মনি রানী তালুকদার তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
গুরুতর আহত আবুল কালাম, জারলিয়া গ্রামের মৃত জনিক মিয়ার ছেলে। তিনি জানান, কিছুদিন আগে তার ভাইয়ের একটি নৌকা চুরি হয়। পরে মাছুম ও তামিম গংদের কাছ থেকে সালিরগাঁও এলাকা থেকে নৌকাটি উদ্ধার করা হয়। এ ঘটনা সম্পর্কে গ্রামবাসীকে অবহিত করতে তিনি একটি গ্রাম ডাকের আয়োজন করেন।
তার অভিযোগ, গ্রাম ডাকে উপস্থিত না হয়ে জিয়া, সাদিক, গফফার, আশিক, মাছুম, তামিমসহ অন্তত ২০ জন লোক দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
উল্লেখ্য, অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য এই প্রতিবেদনে পাওয়া যায়নি।
দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



