গোয়াইনঘাটে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২১ জুন ২০২৬, ৯:০৩:২৭ অপরাহ্ন
গোয়াইনঘাট থেকে সংবাদদাতা : সিলেটের গোয়াইনঘাটে ভারী বর্ষণ ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। গত তিন দিনের ভারী বর্ষণ আর ভারত থেকে পিয়াইন ও সারী নদী দিয়ে নেমে আসা ঢলে গোয়াইনঘাট উপজেলার অধিকাংশ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে করে ২নং পূর্ব জাফলং ইউনিয়নের আসাম পড়া হাওর, ১১নং মধ্য জাফলং ইউনিয়নের বাউরভাগ ও সাঙ্কিভাঙ্গা হাওর, ৫নঙ পূর্ব আলীরগাঁও ইউনিয়নের খাস হাওর, কাকুনাখাই হাওর, ১০নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের নাইন্দা, তীতকুল্লি ও বালির হাওর ঢলের পানিতে তলিয়ে গেছে।
এছাড়া অন্যান্য ইউনিয়নের নীঁচু এলাকায় পানি প্রবেশ করছে। সারী ও পিয়াইন নদীর পানি বিপদ সীমার উপরে প্রবাহিত হচ্ছে। এখন কোন পাকা রাস্তায় পানি উঠেনি, যেভাবে পানি বৃদ্ধি পাচ্ছে, সেই হিসেবে রাত পর্যন্ত সারী গোয়াইনঘাট সড়কের বিভিন্ন অংশে পানিতে তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে গ্রামীণ কিছু রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। এখন পর্যন্ত বড় ধরনের কোন ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া না গেলেও বোনা ও রোপা আউশ এবং আমনের বীজতলা পানিতে তলিয়ে যাওয়ায় অনেক ক্ষতির সম্ভাবনা রয়েছে।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী সিলেটের ডাককে জানান, ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে উপজেলার কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তবে উপজেলার প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধিদের প্রাথমিক পূর্ব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এছাড়া বন্যা আশ্রয় কেন্দ্র ও পর্যাপ্ত নৌকা প্রস্তুত আছে।




