বিয়ানীবাজারে বিআরটিসি বাস-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত- ১
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০২ জুলাই ২০২৬, ৭:১৪:৫৯ অপরাহ্ন
বিয়ানীবাজার (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : সিলেট-জকিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের চারখাই এলাকায় যাত্রীবাহী বিআরটিসি বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের বিয়ানীবাজার উপজেলার চারখাই এলাকার কাঠলিপুল সংলগ্ন স্থানে এই ঘটনা ঘটে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
নিহত ব্যক্তি কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের ফালজুর গ্রামের কালাই মিয়া (৫৫)। তিনি পেশায় একজন ক্ষুদ্র ব্যবসায়ী।
জানা যায়, সিলেট-জকিগঞ্জ আঞ্চলিক সড়কের চারখাই এলাকার কাঠলিপুল সংলগ্ন স্থানে জকিগঞ্জ থেকে ছেড়ে আসা সিলেটমুখী বিআরটিসি বাসের সাথে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে পড়ে যায়। আর তখন ঘটনাস্থলে একজন মারা যান এবং আরও দুইজন আহত হন।
পতে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে গুরুতর আহত দুইজনকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। বর্তমানে আহতরা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বলেন, ‘সকাল সাড়ে ১১টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের চারখাই এলাকার কাঠলিপুল সংলগ্ন স্থানে বিআরটিসি বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় আরও ২জন আহত হয়েছেন। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে প্রেরণ করে।’



