কোম্পানীগঞ্জের সাদাপাথরে পর্যটক নিখোঁজ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০২ জুলাই ২০২৬, ৭:১৬:১২ অপরাহ্ন
কোম্পানীগঞ্জ থেকে সংবাদদাতা : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর পর্যটনকেন্দ্রে গোসল করতে নেমে এক পর্যটন নিখোঁজ হয়েছেন। আজ বৃহস্পতিবার (২জুলাই) বেলা আড়াইটার দিকে সাদাপাথর পর্যটনকেন্দ্রে এ ঘটনা ঘটে।
নিখোঁজ পর্যটকের নাম ডাক্তার সুব্রত সাহা বিকাশ (৩৩)। তিনি লক্ষীপুর জেলার রামগতি উপজেলার মিহির লাল সাহার ছেলে। তারা ৪ বন্ধু মিলে ঢাকা থেকে সিলেটের বিভিন্ন পর্যটন কেন্দ্র দেখার জন্য আসছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাদাপাথর পর্যটনকেন্দ্রে বিজিবি’র ক্যাম্পের সামনে গোসল করতে নামেন ঢাকা থেকে আসা ৪ জন পর্যটকের ৩ জন। নদীতে সাঁতার কাটতে কাটতে একপর্যায়ে পানির প্রবল স্রোতের মধ্যে চলে যায় তারা। এসময় অন্য দু’জন সাঁতারে পাড়ে উঠতে পারলেও সুব্রত প্রবল স্রোতে পানির নিচে তলিয়ে যান।
শেষ খবর পাওয়া পর্যন্ত কোম্পানীগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের ডুবুরিরা তাকে উদ্ধারের জন্য কাজ করছেন।
ভোলাগঞ্জ ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর আব্দুল কাইয়ুম জানান, সাদাপাথরে গোসল করতে নেমে এক পর্যটন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাকে উদ্ধারে কাজ করছে।



