গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে যুবক নিহত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১১ জুলাই ২০২৬, ৭:৩৭:৫৬ অপরাহ্ন
গোয়াইনঘাট থেকে নিজস্ব সংবাদদাতা : সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট (লাখাট) সীমান্তে খাসিয়ার গুলিতে মিনহাজ উদ্দিন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩ ঘটিকায় মেঘালয় রাজ্যের লাখাট স্টেশন সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।
নিহত যুবক গোয়াইনঘাট উপজেলার অন্তর্গত পশ্চিম জাফলং ইউনিয়নের ভাদেশ্বর গ্রামের কমর উদ্দিনের ছেলে। তিনি ভারতীয় বিভিন্ন পণ্যের ব্যবসার সাথে জড়িত ছিলেন। তবে ঐ সময় কি কারণে তিনি সেখানে গিয়েছিলেন, সেটি জানা যায় নি।
স্থানীয়রা বলছেন, শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে নিহত মিনহাজ উদ্দিন লাখাটের স্টেশন সংলগ্ন এলাকায় অবৈধ অনুপ্রবেশ করলে খাসিয়ার এলোপাতাড়ি গুলিতে ঘটনাস্থলেই মারা মান।
স্থানীয় ইউপি সদস্য কামাল উদ্দিন বলেন, ঘটনা শুনার সাথে সাথে আমরা তার বাড়িতে যাই। তখন পুলিশ ও বিজিবিকে খবর দেই, পুলিশ পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, পশ্চিম জাফলং ইউনিয়নের ভাদেশ্বর সীমান্তে খাসিয়ার গুলিতে এক যুবক নিহত হয়েছেন। খবর পাওয়ার সাথে সাথেই পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল তৈরি করে পরবর্তী কার্যক্রমের জন্য সিলেট ওসমানী মেডিকেলে প্রেরণ করা হচ্ছে।
সিলেট ৪৮ ব্যাটালিয়ন (বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, ভারতের অভ্যন্তরে এক কিলোমিটার ভিতরে গেলে খাসিয়ার গুলিতে মিনহাজ উদ্দিন গুলিবিদ্ধ হয়ে হয়। পরে বাংলাদেশে নিয়ে আসার পরে মেডিকেল যাওয়ার পথে মিনহাজ উদ্দিন মারা যান। বিজিবির পক্ষ থেকে সীমান্তে কড়া নজরদারী ও সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।




