ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত- ৮
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৭ আগস্ট ২০২৬, ১০:১৬:০৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত হয়েছেন। এসময় আরও আনুমানিক ২৫ জন আহত হয়েছেন। আজ শুক্রবার (৭ আগস্ট) সকালে সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহত ও নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায় নি।
বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা। তিনি জানান, আজ সকালে ইউনিক বাস ও বেঙ্গল বাসের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে আর এতে ৮ জন নিহত ও আনুমানিক ২৫ জন আহত হয়েছেন।
জানা যায়, ঢাকা থেকে সিলেটে আসা বেঙ্গল বাস ও সিলেট থেকে ঢাকাগামী ইউনিক বাসের মধ্যে ওসমানীনগর উপজেলার দয়ামীর এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইউনিক বাস খাদে পড়ে যায় আর বেঙ্গল বাস সড়কেই রয়েছে। এসময় ইউনিক বাসের ৮ জন নিহত হয়েছেন। আর এতে আনুমানিক ২০ থেকে ২৫ জন আহত হয়েছেন। তারা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।



