সিলেটে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৭ আগস্ট ২০২৬, ৪:৩৪:০২ অপরাহ্ন
সিলেটে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন করা হয়েছে। সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধনী দিনে বর্ণাঢ্য র্যালি ও উদ্বোধনী আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতির বক্তব্যে সিলেটের সিভিল সার্জন ডা. মোহাম্মদ নাসির উদ্দিন বলেছেন,’মায়ের দুধ শিশুর জন্য সর্বোত্তম, নিরাপদ ও পূর্ণাঙ্গ পুষ্টির উৎস। জন্মের পরপরই শিশুকে শালদুধ পান করানো এবং প্রথম ছয় মাস শুধু মায়ের দুধ খাওয়ানো প্রতিটি শিশুর সুস্থ বৃদ্ধি ও রোগ প্রতিরোধে অত্যন্ত গুরুত্বপূর্ণ’।
এমওসিএস ডা স্বপ্নিল সৌরভ রায়ের পরিচালনায় অনুষ্ঠানে ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত বলেন,আজকের শিশুই আগামী দিনের কর্ণধার। তাই প্রতিটি শিশুর সুস্থ ও পুষ্টিকর জীবন নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব।” শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করতে মাতৃদুগ্ধের কোনো বিকল্প নেই।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অফিসার-ডিআরএস ডা. অসলিমা আক্তার। এতে মেডিকেল অফিসার ডা. আবু সালমান মো সাইফুল ইসলাম, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সুমিত রায়, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের জাবির আহমদ নোমান এবং বিভিন্ন দপ্তর ও সিভিল সার্জন অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মসূচির অংশ হিসেবে দুটি বিদ্যালয়ে শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার মাধ্যমে শিশুদের মধ্যে মাতৃদুগ্ধ পুষ্টি ও সুস্থ জীবনযাপনের বার্তা পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়।বিজ্ঞপ্তি।



