সিলেটে ৯ জন নিহতের ঘটনায় দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৮ আগস্ট ২০২৬, ৯:৫১:৫২ অপরাহ্ন
সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর কাশিকাপন এলাকায় দুর্ঘটনায় ৯ জন নিহতের ঘটনায় বেঙ্গল ও ইউনিক পরিবহনের দুই বাসের রেজিস্ট্রেশন সাময়িক বাতিল করা হয়েছে। একইসঙ্গে বাসের মালিকদেরকে চিঠি দিয়ে পাঁচদিনের মধ্যে চালকসহ হাজির হয়ে দুর্ঘটনার বিষয়ে ব্যাখ্যা করার নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এই সিদ্ধান্ত নেয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিআরটিএ সিলেটের সহকারী পরিচালক আব্দুর রশিদ।
তিনি জানান, শুক্রবার আমার আওতাধীন এলাকায় দুর্ঘটনার পর ঢাকা মেট্রো-২ এবং মেট্রো-৩ কে আমি জানিয়েছি দুইটা গাড়ি এক্সিডেন্ট করছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য। তারা চিঠি দিয়েছে রেজিস্ট্রেশন বাতিল করতে এবং তাদেরকে শোকজ করা হয়েছে মালিককে ড্রাইভারসহ পাঁচদিনের মধ্যে সশরীরে হাজির হওয়ার জন্য।
এদিকে, শনিবার দুপুরে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে সিলেট জেলা প্রশাসন। আগামী পাঁচদিনের মধ্যে তারা তদন্ত প্রতিবেদন জমা দিবেন। তার আগে এদিন সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখে সরকারের আর্থিক অনুদান দেওয়ার ঘোষণা দেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। দুর্ঘটনায় নিহত ৯ জনের পরিবারকে ৫ লাখ টাকা করে মোট ৪৫ লাখ টাকা দেওয়া হবে আর আহতদের প্রত্যেককে ১ লাখ টাকা এবং পঙ্গুত্ব বরণকারীদের ৩ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে।
উল্লেখ্য, শুক্রবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় ইউনিক পরিবহন ও বেঙ্গল পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাতজন এবং পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজন মারা যান। দুর্ঘটনায় গুরুতর আহত হন ১৬ জন। নিহতদের সবাই ইউনিক পরিবহনের যাত্রী ছিলেন।



