জৈন্তাপুর সীমান্তে ক্যাম্পের ওয়াচ টাওয়ার থেকে বিজিবি সদস্যের লাশ উদ্বার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০১ সেপ্টেম্বর ২০২৬, ২:৩৭:৪৩ অপরাহ্ন
জৈন্তাপুর থেকে নিজস্ব সংবাদদাতা : সিলেটের জৈন্তাপুর সীমান্তের মিনাটিলা বিজিবি ক্যাম্পের ওয়াচ টাওয়ার থেকে জামিল হাসান শিষ (২৫) নামে এক বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে ওয়াচ টাওয়ার থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত জামিল হাসান শিষ নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কাশিনগর ইউনিয়নের ইশানঘাটি গ্রামের শেখ ফজলুর রহমানের ছেলে। গত ২২ আগস্ট থেকে তিনি সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধীন জৈন্তাপুর উপজেলার কেন্দ্রী সীমান্তবর্তী মিনাটিলা বিওপিতে কর্মরত ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত ১২টা থেকে মঙ্গলবার ভোর ৬ টার মধ্যে যেকোনো সময় মিনাটিলা বিওপির ওয়াচ টাওয়ারে গলায় ফাঁস দেন জামিল হাসান। পরে বিষয়টি জানাজানি হলে মঙ্গলবার সকাল ৭টার দিকে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা এবং সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হন।
এসময় জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম ও স্থানীয় ইউপি সদস্য আব্দুল হালিমও বিওপি ক্যাম্পে উপস্থিত ছিলেন। সহকারী কমিশনার (ভুমি) ও বিজিবি কর্তৃপক্ষের উপস্থিতিতে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়। মরদেহের ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ঘটনার কারণ জানতে বিষয়টি তদন্ত করা হচ্ছে।
তবে এ ঘটনায় বিজিবির উর্ধবতন কর্তৃপক্ষের কোন বক্তব্য পাওয়া যায় নি।



