বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে জিএসসির ৫ লক্ষাধিক টাকার পুনর্বাসন সামগ্রী বিতরণ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩০ আগস্ট ২০২৬, ৬:৪৭:৫৫ অপরাহ্ন
চট্টগ্রামের বাঁশখালীতে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহায়তায় এগিয়ে এসেছে যুক্তরাজ্যে প্রবাসী বাঙালিদের অন্যতম বৃহৎ সংগঠন ‘গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে’ (জিএসসি)। সংগঠনের উদ্যোগে বন্যাপীড়িত মানুষের জন্য ৫ লক্ষাধিক টাকার পুনর্বাসন সামগ্রী (ঢেউটিন) বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকেলে বাঁশখালীর বৈলছড়ী ইউনিয়নের ঘোনাপাড়াস্থ পশ্চিম চেচুরিয়া ঘোনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন লন্ডনপ্রবাসী প্রবীণ আইনজীবী ব্যারিস্টার বদরে আলম দিদার। আয়োজনে স্থানীয় ৫৪টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মোট ১০৮ বান (৫ টন) ঢেউটিন হস্তান্তর করা হয়।
প্রভাষক মো. জাহেদুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন। যুক্তরাজ্য থেকে অনলাইনে যুক্ত হয়ে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিলের সভাপতি সালেহ আহমেদ। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন লন্ডনপ্রবাসী সিনিয়র আইনজীবী ব্যারিস্টার বদরে আলম দিদার।
অনুষ্ঠানে বক্তারা বলেন, যেকোনো দুর্যোগে প্রবাসীদের এ ধরনের মানবিক সহায়তা অত্যন্ত প্রশংসনীয়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাথা গোঁজার ঠাঁই পুনর্বাসনে এই টিনগুলো দারুণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক অসীম কুমার দে, সারওয়ার আলম, ফেরদৌস আলম, আব্দুল আজিজ, জসিম উদ্দিন, আবুল হাসেম, সাকিব, আরাফাত, নাসির উদ্দিন, জাহাঙ্গীর, ইমরান হোসেন শাকিল, আজগর, মাওলানা নাসির, সেলিম ও ইউনুস সাওদাগর প্রমুখ।



